জন্মদিনের বাঙ্গালী ভোজ
31st October আমাদের পরিবারের জন্য বিশেষ একটা দিন। এই দিনটা গৃহকর্তার জন্মদিন। পরিবারটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, কাল বেশ বুঝতে পারলাম। এখন আমার শাশুড়ি মা নেই, গত বছর উনি ইহলোক ত্যাগ করেছেন তবে বেশ কিছু বছর যাবৎ উনি অসুস্থ ছিলেন, আর আমার মা সেতো 11 বছর আগেই আমাকে একা করে দিয়ে চলে গেছেন, আমাদের দুই মেয়ের মধ্যে করোনায় আটকে গিয়ে ছোট মেয়ে পরপর দু'বছর বাবার জন্মদিনটা বাবার সঙ্গে কাটিয়েছিল কিন্তু এই বছর আমাকেই সামলাতে হল সবকিছু। আমার বরের একটু সাবেকি রান্না ঘরোয়া রান্না পছন্দ, তাই ওর পছন্দ মাথায় রেখে মেনু হলো - ফরফরে, ঝর ঝরে বাসমতি চালের ভাত সঙ্গে বলাই বাহুল্য গন্ধরাজ লেবু আর লঙ্কা (লঙ্কা খেতে না পারলেও প্লেটে চাই, রসিয়ে যখন খায়) তবে কালকে সে সুযোগ দিইনি, নিজেই পাতে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। নিয়ম মাফিক মেনু থেকে শুক্তো, পাঁচ রকম ভাজা আর দই বাদ দেওয়া হয়েছে। মেনুতে যা ছিল তা হলো: সোনা মুগের ডাল সঙ্গে আলু পেঁয়াজকলি ভাজা পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে পাবদা মাছের সরষে বাটা দিয়ে ঝাল চিংড়ি মাছের মালাইকারি টমেটোর চাটনি আর পায়েশ গৃহকর্...