অরুণাচল
ভালুক পং থেকে দিরাং এর পথে ভালুক পং-এর সকাল সচরাচর আমরা যেমন করে থাকি, কোন রিসোর্টে পৌঁছানোর আগে তাকে ফোন করে পৌঁছানোর মোটামুটি একটা সময় বলে দেওয়া, এবং কি জাতীয় খাবার আমরা পেতে পারি বা কি জাতীয় খাবার আমরা খাব তার একটা প্রাথমিক আদান-প্রদান হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি হোটেল কর্তৃপক্ষই এ দায়ভার গ্রহণ করে। তেমনটাই করেছিলাম আমরা প্রশান্তি কটেজ পৌঁছানোর আগে কিন্তু পুরো অরুণাচল প্রদেশ ঘুরে এইটা বুঝেছিলাম এইসব সুবিধাজনক বিধি ব্যবস্থা এখানে নিতান্তই একটা ফর্মালিটি বই কিছু নয়। আমরা গায়ে পড়ে খাবারের মেনু বলে দিয়েছিলাম ঠিকই, আর পৌঁছতেও বেশ বেলা হয়ে গিয়েছিল। সেই দুপুর আড়াইটেতে পৌঁছে গরমের মধ্যে ডাইনিং হলে অপেক্ষা করতে হলো অনেকটা সময়। ওরা অবশ্য অনেক বার বলেছিল ঘরে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা কেউই তাতে রাজি হয়নি, ওই ভর দুপুরের ঠাঠা রোদে হেঁটে যাওয়া আর আসা, আমাদের শরীর আর তখন ওই ধকল নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাই এখানে বসে বসেই অপেক্ষা করলাম। প্রায় ৪০ মিনিট বাদে খাওয়ার ডাক আসলো, বেশ ভিড়। আমাদের মত অনেক পার্টি এসে পৌঁছেছে, তাদের লোকসংখ্যাও অ...