অরুণাচল
শেষ-বেলায় আজ সকালটা শুরু হয়েছিল সেই একই ভাবে। বৃষ্টি হয়ে চলেছে তখনো, প্রথম অরুণোদয়ের রাজ্যে বর্ষাও যে প্রথম ঘোষিত হয়! তাড়াতাড়ি প্রাতঃরাশ সেরে নটার মধ্যে হোটেল ছাড়লাম, গন্তব্য আমাদের বমডিলা, ১৭৫ কিলোমিটারের সফর আজ। আজকে আমাদের রাতের আশ্রয় হোটেল গ্র্যান্ড, সেখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। নতুন তৈরি হওয়া হোটেল, ঘর আমাদের দোতলায়, খাড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার বন্দোবস্ত। একই ফ্লোরে পাশাপাশি দুটো ঘর। বমডিলা কামেং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। ঝুপ করে সন্ধ্যে নেমে যাওয়ার আগে শহরটাকে দেখার পালা। ওপর থেকেই দেখছিলাম সুন্দরী বমডিলার সাজ। পড়ন্ত বিকেলে মাথায় তার সোনালী আলোর ঝিকিমিকিতে বরফে মোড়া দূরের পাহাড়ের মুকুট, আর পরনে সবুজ মখমলি ঝালরের ঘাগরা। রানী সাজে সেজেছে সে। জানতে মন চাইলো এ কি তার নিত্যকার সাজ নাকি আজ আমার প্রিয়র মন ভোলাতে সে মত্ত! তবে উত্তরটা আমার জানা আছে, আমি যে তার নিত্য ঘড়ায় তোলা জল আর তুমি তো সুদূরের পিয়াসী। কোথাও যাওয়ার দরকার নেই, হোটেলের স্বচ্ছ কাচের জানলা দিয়ে দুচোখ ভ'রে দেখে নিলাম তাকে, এ সুখ আর বেশিক্ষণের নয়। পড়ন্ত বিকেলের আলোয় বমডিলার অপরূপ স...