চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে ( নবম পর্ব) ফ্লোরেন্স কাক ভোরে পৌঁছে গেলাম আমরা ফ্লোরেন্স, এমনটাই কথা ছিল। আকাশ তখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার হওয়ার কথাও নয়, ভোর তখন সবে ছটা। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝরে পড়ছে ঝুরো বরফ। বাস থেকে নেমেই মালপত্র সংগ্রহ করে বসে পড়লাম একটা জায়গা দেখে। এতক্ষণ গরম বাসে বসে থেকে, এখন পেটের মধ্যেটাও যেন কেঁপে উঠছে। ফ্লোরেন্স বাসস্টপ থেকে আমাদের হোটেল 'মিআ কারা এন্ড স্পা' অনেকটা দূরে আর তাছাড়া অজানা শহরে উবার সার্ভিসের সুবিধে নেওয়া ছাড়া আর তো কোনো গতি নেই। একটু ভোর হওয়ার অপেক্ষা করছিলাম। সাত পাঁচ না খবর নিয়ে ক্যাব বুক করতে গিয়েই গোল বাধলো। ইটালিতে উবার সার্ভিস চলে না একমাত্র রোম ছাড়া। এ কথা আমরা জানতাম না তাই প্রথমটা একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম, এখন উপায়? আর যাই হোক সারারাত বাস জার্নির পর মাথার উপর বৃষ্টি নিয়ে আর বসে থাকা চলে না, কিছু একটা করতেই হবে।অতঃ কিম্! শুরু হল তদন্ত। আমি মালপত্র সমেত বসেই রইলাম। সমরজিৎ গেল খোঁজ নিতে, প্রায় মিনিট চল্লিশ বাদে ফিরে এসে জানালো ট্রেনে ক'রে পৌঁছতে হবে গন্তব্যে আর পাশেই স্টেশন। টিকিট কাটাও...