চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে
(সপ্তম পর্ব)
মাউন্ট টিটলি অভিযান
এতদিনে আমাদের শরীরের ঘড়ির কাঁটা সঠিক সময় জানাতে শুরু করলেও আজ বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকা সম্ভবই নয় কারণ ওই যে বলেছিলাম আজ আমাদের যেতে হবে মাউন্ট টিটলি অভিযানে, সকাল নটায় বাস। হোটেলের অনতিদূরেই বাস টার্মিনাস তবুও প্রথম দিন, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে নিয়মমাফিক প্রাতঃকালীন সমস্ত কাজকর্ম সেরে আমরা সদলবলে বেরিয়ে পড়লাম, সময়ের অনেকটা আগেই। কি জানি যদি বা দেরি হয়ে যায়! ভালো করে সকাল হয়নি তখনো। কাল রাতের অন্ধকারে হোটেলের বাইরেটা ভালো করে ঠাওর হয়নি, ভেবেছিলাম সকালে ভালো করে জরিপ করব, কিন্তু আজ সকালের আবছা আলো-আঁধারিতে দেখার চেষ্টা করলেও খুব যে সফল হলাম তা বলা চলে না। হাতে যদিও অনেকটা সময় তাও বেশিক্ষণ আর দেরি না করে জলের বোতল কয়েকটা সংগ্রহ করে নেওয়া গেল। কালকের ক্যাব ড্রাইভার ভদ্রলোক বলেছিলেন এখান থেকে ট্রামে উঠলেই বাস স্ট্যান্ড পৌঁছানো যাবে। ট্রাম স্টপেজ হাত দিয়ে দেখিয়েছিলেনও বটে, তবে আজ আর রিস্ক নেওয়া গেল না। তাই অগতির গতি সেই উবার। বাসস্ট্যান্ডে পৌঁছে কিন্তু আমরা বেশ অপ্রতিভ হয়ে গেলাম। কেউ কোথাও নেই, সব সুন-সনাট। একটা বাস গুমটি আছে বটে কিন্তু তা বন্ধ। আমরা ভেবেছিলাম এখানেই জলযোগ সেরে বাসে উঠবো কিন্তু সে গুড়েও বালি। কিছুই পাওয়া গেল না। পরে বুঝেছিলাম এখানে আসলে সময়ের দামটা এত বেশি কেউ কারোর জন্য অপেক্ষা করাকে বিশ্বাস করে না। সময় দেওয়া আছে, ঠিক ঐ সময়তেই পৌঁছতে হবে। তবে মিনিট দশকের মধ্যেই যাত্রীদের আনাগোনা শুরু হলো এবং পাঁচ মিনিটের মধ্যেই টিকিট দেখিয়ে আমরা বাসে উঠে বসলাম। সুন্দর বড় বড় জানলা ওয়ালা লাক্সারি কোচ। উঠে সামনেই আমাদের সিট, মুখোমুখি বসার ব্যবস্থা মাঝখানে একটি টেবিল। বাসের বন্দোবস্ত খুবই ভালো তবে ভেতরে কিছু খাওয়া নিষিদ্ধ আমাদের পেট তখন চুঁই চুঁই। সমরজিৎ আবারো গেল উল্টোদিকের ক্যাফেতে যদি কিছু খাওয়ার পাওয়া যায়, কিন্তু না কফি ছাড়া কিছুই জুটলো না, তবে গরম কফি এই হাড় হিম করা ঠান্ডায় মন্দ কি!
আমাদের গাইড একজন ইটালিয়ান ভদ্রমহিলা। ভীষণ সুন্দর কথা বলেন, রসিকাও বটে। কতখানি যত্ন, কতখানি ভালোবাসা দিয়ে তিনি এই কাজটি করে চলেছেন, সারাদিনে প্রতিমুহূর্তে তা টের পেয়েছি। প্রথমেই উনি বলে দিলেন এই পুরো ট্যুরের নিয়মাবলী, কোথায় কোথায় যাবো আমরা, কোথায় কতক্ষণ দাঁড়াবে বাস, টুরিস্ট হিসেবে আমাদের কি কি নিয়মাবলী মেনে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। গাইডের সাথে চালকও সমান দক্ষতায় ওনাকে সাহায্য করে গেছেন সারাটা পথ। পথের চারিপাশের বর্ণনা পাছে আমাদের বিরক্তির উদ্রেক করে তাই দুজনের কথোপকথন এবং হাস্যরসে ভরা তাদের আলাপচারিতা আমাদের পুরো পথটাকে আরো রঙিন করে তুলেছিল। ঠিক সকাল নটায় বাস বেরিয়ে গেল স্ট্যান্ড থেকে।
সুইজারল্যান্ড সম্বন্ধে আমার বিদ্যের দৌড় বড়ই সীমিত। জানি এইটুকু, যে মধ্য ইউরোপের একটি সুন্দরী দেশ এই সুইজারল্যান্ড, মূলত এটি সুউচ্চ আল্পস্ পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। ছোটবেলায় আমাদের কাশ্মীরকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হতো শুনেছি তবে কর্মসূত্রে যখন আমরা হিমাচল প্রদেশে থাকতাম তখন খাজিয়ার এর সঙ্গে সুইজারল্যান্ডের তুলনা হতো, তাও শুনেছি। লেখকের লেখনীতে জেনেছি প্রচুর লেক আছে এই সুইজারল্যান্ডে আর আছে ছোটখাটো প্রচুর গ্রাম। তারই মাঝে জিউরিক হল সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর। এটি লেক জিউরিকের উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মানি। ইউরোপের অন্যান্য শহরের মতো এখানে প্রচুর মিউজিয়াম আর আর্ট গ্যালারি ভরে রয়েছে - তার মধ্যে 'সুইস ন্যাশনাল মিউজিয়াম' এর কথা উল্লেখ না করলে অন্যায় করা হবে। লিম্মত আর সিল এই দুই নদী বয়ে গেছে শহরের মধ্যে দিয়ে। আধুনিক শহুরে সভ্যতা যেন মিলেমিশে এক হয়ে গেছে প্রকৃতির কোলে। জানতে পারলাম প্রাগৈতিহাসিক যুগে এখানে লিম্মত নদীর ডান দিকে গড়ে উঠেছিল ছোট্ট জন বসতি, এরপরে রোমানরা এই অঞ্চলটিকে অধিকার করে, তখন জিউরিক মূলত সেনা ছাউনি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু ভৌগোলিক অবস্থানের জন্য এটি কালে দিনে ইউরোপের প্রধান অর্থকরী এবং বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। সবাই আমরা জানি সুইস ব্যাংকের কথা। এছাড়াও এখানকার ঘড়ি এবং চকোলেট ইন্ডাস্ট্রি বিশ্ব বিখ্যাত। অনেক পরে জার্মানরা যখন সুইজারল্যান্ডে বসবাস করতে শুরু করলো সেই সময় এটি রয়েল রেসিডেন্স হিসেবে প্রসিদ্ধতা পেল। আজ জিউরিক সুইজারল্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, বিত্তশালী তো বটেই।
জিউরিক ছেড়ে বাস চলল লুজার্নের দিকে, একটা কথা এখানে মনে রাখা ভালো এখানকার সমস্ত বাস কিন্তু সবুজ বাস অর্থাৎ কার্বন ফুট প্রিন্ট যতটা কম করা যায় আর কি! হাওয়ার গতিবেগ কেটে দৌড়ে চলেছে বাস আর তার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী আমাদের গাইডের। জিউরিক থেকে লুজার্নের দূরত্ব ৫২ কিলোমিটার, সময় লাগবে মোটামুটি ৪০ মিনিট মত, আমাদের লেগেছিল ৪৫ মিনিট। বাস থেকে নেমেই জোর ধাক্কা, আমাদের চার লেয়ার পরিধেয় ভেদ করে কনকনে ঠান্ডাটার সটান প্রবেশ যেন ঠিক পাঁজরের মাঝখানটিতে। তবে এও ঠিক ঠান্ডায় বেশিক্ষণ কাতরাতে হলো না কারণ বাস নামিয়ে দিল এক জায়গায়, হাতে সময় ঘন্টা দুয়েক, পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে লুজার্ন। লুজার্ন শহরটিকে দেখে মনে পড়ে গেল পিকচার পোস্ট কার্ডে দেখা সুইজারল্যান্ডের ছবি। মধ্যযুগীয় স্থাপত্য অতি যত্নে শহরের আনাচে-কানাচে প্রকট। তবে আমার দেখা ইউরোপের অন্যান্য শহরের তুলনায় পরিচ্ছন্নতার দিক দিয়ে লুজার্ন কিন্তু অনেকটাই পিছিয়ে। পাবলিক টয়লেট ব্যবহার করা দুষ্কর। তবে সবার আগে পেটে কিছু দানাপানি দিতে হবে, না হলে পথচলা অসম্ভব। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা সুপার মার্কেটে। এটা এখানকার বাসস্ট্যান্ডও বটে। এস্কেলেটার বেয়ে নীচে নেমে মোটের উপর একটু পরিষ্কার একটা জায়গা দেখে দাঁড়ালাম। ইতিউতি ছড়ানো রেস্টুরেন্টে হানা দিতে দিতে পেয়ে গেলাম মন পসন্দ্ একটি রেস্তোরাঁ, তবে বসে খাওয়ার ব্যবস্থা নেই সবই টেক এওয়ে। জনবহুল এই লুজার্ন শহরটিতে একটা কসমোপলিটন আবহাওয়া ছড়িয়ে থাকায় খাবারও পাওয়া যায় রকমারি আর ভিন্ন স্বাদের। তাড়াতাড়ি খাবারগুলো গলদ্ধকরণ করেই দৌড়োলাম শহরটাকে দেখতে। তবে হাতে আর বেশি সময় নেই, খাবার খুঁজতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। দেখার তো কত কিছুই আছে, সেই বিখ্যাত উডেন চাপাল ব্রিজ, ওয়াটার টাওয়ার যেটা 1993 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে তবে কিছু পেন্টিং আজও অক্ষত আছে। এত অল্প সময়ে পুরো লুজার্ন কি দেখা সম্ভব! সময়ের কাঁটা দৌড়াচ্ছে তীর বেগে তার সঙ্গে এঁটে ওঠা আমার কম্ম নয়, শেষমেষ রনে ভঙ্গ দিয়ে দৌড়ালাম আবার বাসে চড়ে বসতে, এখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ তা বলাই বাহুল্য।
আমাদের ফিরে আসার দু এক মিনিটের মধ্যেই বাস ভরে গেল, যাত্রীদের বাসে বসিয়েই বাস দৌড়লো। তবে এত তাড়া, তার মধ্যেও আশ্চর্য লাগে যখন এদের মধ্যে ব্যস্ততার কোন চিহ্নই দেখতে পাই না। নিমেষের মধ্যে বাস ভরে গেল ঠিকই কিন্তু গাইডের প্রতি জনের কাছে গিয়ে কুশল বিনিময় বা আলাপচারিতা কোনটাই বাদ গেল না। ভুলে যাননি তিনি যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা জানতে বা সহযাত্রীরা সবাই আরাম করে নিশ্চিন্তে বাসে বসেছেন কিনা এ কথা যে কতবার কত ভাবে জিজ্ঞাসা করেছেন তার হিসেব রাখা দুষ্কর।
সবাইকে অভ্যর্থনা জানিয়ে যাত্রার পরবর্তী পর্যায়ের নিয়মাবলী এবং করণীয় সবই পুঙ্খানুপুঙ্খভাবে বিবৃত হল ঠিক আগেরবারের মতোই। সামনে যত এগোচ্ছে বাস ততই রাস্তার দুপাশে বরফের গালিচা নজরে পড়ছে। মনের মধ্যে চাপা উত্তেজনা, পারব তো মাউন্ট টিটলির মাইনাস ১০° সেন্টিগ্রেড সহন করতে? গাইড এর বর্ণনায় স্পষ্ট হলো মাউন্ট টিটলি র নামকরণের ইতিহাস। ১৪৩৫ সালে এই পর্বত টাটল্সবার্গ নামে পরিচিত ছিল। পরবর্তীকালে টুটিলস নামে এক কৃষক থাকতেন সেখানে, তারই নামে এই পর্বতের নাম হয় টুটিলসবার্গ বা টিটলিসবার্গ। সেখান থেকেই ১৭৩৯ সালে এই পর্বতের নাম হয় শুনছি মাউন্ট টিটলি। ইতিমধ্যে বাস পৌঁছে গেছে গন্তব্যে, জায়গাটির নাম এঞ্জেলসবার্গ। এখান থেকে শুরু হবে আমাদের মাউন্ট টিটলি র অভিযান। আবারো সুচারুরূপে গাইড সবাইকে বুঝিয়ে দিলেন আমাদের করণীয়। ঘড়ির কাঁটা প্রায় একটা ছুঁইছুঁই, বিকেল পাঁচটার মধ্যে এই একই জায়গায় আমাদের সবাইকে আসার অনুরোধ জানালেন বারংবার। একটা থেকে পাঁচটা এই সময়টা আমরা স্বাধীনভাবে ঘুরতে পারব, তবে কোথায় কি পাওয়া যাবে, কোথায় কি করতে হবে তা ওনার বক্তব্যে পরিষ্কার হলো। আমাদের অপেক্ষা করতে বলা হলো। কর্তৃপক্ষ গেলেন কেবল কারের টিকিট কালেক্ট করতে, টিকিট প্রত্যেকের হাতে দিয়ে আবারো পুনরাবৃত্তি করলেন আমাদের করণীয়র। এখন আমরা স্বাধীন, মিলবো ঠিক বিকেল পাঁচটায, এমনই বলে ওনারা নিজেদের মতো চলে গেলেন। তাদের সুস্পষ্ট নির্দেশাবলীতে আমাদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। দুটো কেবল কারে চড়তে হবে, প্রথমটি ছোট, ম্যাক্সিমাম ছয় জন প্যাসেঞ্জার উঠতে পারেন তবে আমরা প্রত্যেকেই নিজস্ব দল নিয়ে এক একটি কেবল কারে উঠেছিলাম, যেমন আমরা তিনজনে উঠেছিলাম একটি কেবল কারে। এই কেবল কারটি আমাদের নামিয়ে দেবে ট্রাপসিতে। কেবল কার স্টেশনে এসে অপেক্ষা করতে লাগলাম। একের পর এক আসতে লাগলো ছোট ছোট কাচের বাক্সের মত কেবল কারগুলো। তারই একটাতে চড়ে বসতে হবে। আমরা তিনজনে এমনই একটি বাক্স দখল করে বসলাম। লক্ষ্য করে দেখলাম বিভিন্ন কেবল কারে বিভিন্ন দেশের পতাকা লাগানো আছে। আগে খেয়াল করিনি না হলে আমরা ভারতের কেবল গাড়ি চড়েই যেতাম টিটলি অভিযানে। চতুর্দিকে বরফ আর বরফ গলা জলের ছড়াছড়ি হলেও কেবল কারের মধ্যে টা বেশ গরম আর বেশ আরামদায়ক। চতুর্দিকে খোলা আকাশ মাঝখানে বরফের স্তুপ এর মধ্যে দিয়ে ধেয়ে চলেছি আমরা পর্বত শিখর ছুঁতে। স্বপ্নেও কি ভেবেছিলাম আমি চড়বো পর্বত শৃঙ্গে তাও আবার আলপসের মত পর্বতমালায়? আমার ভেতরের অনুভূতিটা এভারেস্ট জয় করার মত মনে হচ্ছে। সে অদ্ভুত অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। ওপর থেকে পৃথিবীটা কত নীচে, ধীরে ধীরে এঞ্জেলসবার্গ উপত্যকা হারিয়ে গেল। এখন শুধু বরফ আর বরফ। কিছুদূর পর্যন্ত বরফে মোড়া পাইন ফার জাতীয় গাছ লক্ষ্য করেছিলাম কিন্তু একটা সময়ের পর আর চোখে পড়েনি। শুধুই বরফ। অজস্র অগুন্তি ক্রিভাস, বাংলায় যাকে বলে হিমোদরী অর্থাৎ হিমবাহের বুকে যেন গভীর ফাটল খোদাই করা আছে। জীবনে এ দৃশ্য দেখব, এ আমার সত্যিই কল্পনাতীত।
এই কেবল কারটি আমাদের যেখানে নামিয়ে দিল সেইখান থেকে অন্য একটা কেবল কার স্টেশন থেকে দ্বিতীয় টি তে উঠতে হবে। এটি বেশ বড় এবং অনেক যাত্রী একসঙ্গে উঠতে পারেন তবে এটি ঘূর্ণায়মান ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় বসার ব্যবস্থা নেই। বেশ ভিড় এই কেবল কারে। যাত্রীসংখ্যা প্রচুর কিন্তু সুবিধে একটাই চতুর্দিক দেখা যাচ্ছে অনায়াসে। লাগলো মিনিট ১৫ মত। তারপরেই সেই দুর্লভ অভিজ্ঞতা, সমুদ্র তল থেকে আমরা ১০ হাজার ফিট উপরে বরফের শিখরে মাউন্ট টিটলির উপরে।
যাই হোক উপরে পৌঁছে যে বিল্ডিং এর মধ্যে আমরা ঢুকেছিলাম তারই চতুর্দিকে বিভিন্ন রকমের পসরা সাজানো রেস্তোরাঁ, ক্যাফে, প্যানোরামা রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত চকোলেটের সম্ভারে সাজানো বিভিন্ন দোকান, উপহার সামগ্রী, আরো কত কি! এ এক বহুতল বিপণন কেন্দ্র। কি নেই! আমরা প্রথমেই প্যানারমিক রেস্টুরেন্টে বসলাম, যেখান থেকে মাউন্ট তিতলি আর এঞ্জেলসবার্গ উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য স্পষ্ট দৃশ্যমান। প্রথমে ভেবেছিলাম এই শেষ, তাই সুইস প্ল্যাটার আর গরম কফি সেই ছিল খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। ভেবেছিলাম ইতি-উতি ঘুরে বিভিন্ন দোকানে উঁকি-ঝুঁকি মেরে ঘন্টা দুয়েক কাটাব। কিন্তু কে জানত এমনও কিছু অপেক্ষা করছে আমাদের জন্য যার কথা আমরা কোনদিন স্বপ্নেও ভাবিনি। হঠাৎই লক্ষ্য করলাম আমাদের ওপরেও আরও একটা তলা রয়েছে যেখানে পৌঁছতে গেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কোনো এস্কেলেটর বা লিফট নেই প্রথমটা অগ্রাহ্য করলেও সমরজিতের পীড়াপীড়িতে সিঁড়ি দিয়ে উঠে প্রথমে কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে পড়লাম কাচের জানলার এ পাশে, আমরা মাউন্ট টিটলির ওপর দাঁড়িয়ে আছি আরো কয়েক ধাপ উঠলেই সেখানে বেরোবার রাস্তা রয়েছে। এবার আর প্যানারমিক ভিউ না, সশরীরে উপস্থিত হলাম, বরফ বোঝাই মাউন্ট টিটলির ওপর পা রাখলাম আমরা। অন্যদের কাছে হাস্যকর হলেও আমাদের কাছে এটাই মাউন্ট এভারেস্টে পা রাখার মতোই অভিজ্ঞতা। পাঁচ তলায় কাচের জানলার বাইরে সেই পুরু বরফের চাদর বিছানো ছাদটা অর্থাৎ মাউন্ট টিটলি শৃঙ্গের চূড়ায়। চারিদিক রেলিংয়ে মোড়া, যাতে কোন অঘটন না ঘটে। কেননা এর পরেই অসীম খাদ, চতুর্দিকে ঝুরো বরফ, শক্ত বরফ নানা রকমের বরফ। বসার ব্যবস্থাও করা রয়েছে সুন্দর, গা গরম করার জন্য পানীয়ের সম্ভারও মজুত এখানে।
অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা, ছেলে মানুষের মতো বরফ নিয়ে খেলা করেছি, ছবি তুলেছি, ঝুরো বরফ দিয়ে বানানো তিন্নীর স্নোম্যান মাথায় পানীয়ের ছিপি আটকানো টুপি, আমরা সবাই যেন বাচ্চা হয়ে গিয়েছিলাম এখানে এসে। প্রকৃতির কি মাহাত্ম্য! শাহরুখ খান আর কাজলের বিশাল কাট আউট, সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ছবি তুললাম। আস্তে আস্তে রোদ ঢলতে শুরু করল, দেখলাম পসরা সাজিয়ে এতক্ষন যারা পানীয় সরবরাহ করছিলেন তারাও ঝাঁপ বন্ধ করে ফেলেছেন বুঝলাম এরপর এখানে থাকা আর সমীচীন নয়। তাই গুটিগুটি পায়ে শেষবারের মতো মাউন্ট টিটলি কে বিদায় জানিয়ে নেমে আসার পালা। একই পথে ফিরে এসেছিলাম আমরা। পাঁচটার একটু আগেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলাম। ধীরে ধীরে জড়ো হচ্ছে সবাই, হাইকার্স, স্কিয়ার্স আর আমাদের মাউন্টিং সহযাত্রীরা তো আছেনই, সময় মতই গাইডও এসে হাজির হলেন, এক গাল হেসে সবাইকে অভ্যর্থনা জানালেন নির্দেশ দিলেন বাসে গিয়ে বসতে। যে পথে এসেছিলাম সেই পথেই যেতে হবে বাস পর্যন্ত তবে এখন রাস্তা পুরোটাই বরফে ঢাকা, সূর্য ঢলে পড়ছে যে! অতি সাবধানে বরফের উপর দিয়ে হেঁটে সোজা চলে গেলাম বাসের দিকে। গাইড এবং ড্রাইভারের এর তৎপরতায় সমস্ত প্যাসেঞ্জার ভ'রে বাস দৌড়ালো।
সন্ধ্যা নামবো নামবো করছে যাওয়ার সময় যেখানে সবুজ উঁকি মারছিল সেখানে এখন সাদা মখমল বিছানো, শেষ বিকেলের পড়ন্ত রোদে চিকচিক করছে। তবে অন্ধকার হতে আর বেশি দেরি লাগলো না। শনশন করে বাস ছুটে চলল, সোজা জিউরিক। ক্লান্ত শরীর সবারই, বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ গাইডের অ্যানাউন্সমেন্টে ঘুম ভাঙলো, আমরা ঢুকতে চলেছি জিউরিক, তখন প্রায় রাত আটটা। তিনি নির্দেশ দিলেন এখানে কোথায় কোথায় কি কি ধরনের ডিনার পাওয়া যাবে। আজকে সর্বসাকুল্যে আমাদের টুর টাইম ছিল ৯ ঘন্টা মত। ঐ ঠান্ডায় আমরা ঠিকই করেছিলাম বাইরে বসে কোথাও খাব না, সোজা যাব হোটেল, কোনো ভালো সুইস ডিনার অর্ডার করা হবে। কাল আমরা যাব গ্রীন্ডেলস ওয়ার্ল্ড, সে আরো সকালে তাই ডিনার করে আর বেশিক্ষণ না, শুয়ে পড়লাম।







Comments
Post a Comment