চলুন যাই ঘুরে আসি


ইউরোপের পাতা থেকে 

(দ্বাদশ পর্ব)

 বেলা শেষে রোমে

আমাদের হাতের সময় শেষ হতে চলেছে। সোনালী দিনগুলো যেন বড় তাড়াতাড়ি ফুরিয়ে এল, হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন - ইউরোপে মেয়ের সঙ্গে।  আজ শুক্রবার, ওবেলায় আমাদের রোমে যাওয়ার ফ্লাইট। সকাল থেকেই সাজো সাজো রব কেননা এবারে বরাবরের মতো বিদায় নেব মার্সেই থেকে, তাই এবার পাত্তাড়ি গোটানোর পালা। সমস্ত কিছু মাথা ঠান্ডা করে গুছিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম সকাল সকালই। এবারের ফ্লাইটের টিকিটও আমাদের সেই ইউরোপীয় বাজেট এয়ার লাইন্সে।  একটু টেনশনেই আছি আমরা, গতবারের যা অভিজ্ঞতা! যদিও এবার আমরা প্রায়োরিটি চেকিং করাবো। এয়ারপোর্ট পৌঁছালাম সময়ের অনেকটা আগেই, আর কোন অঘটন যাতে না ঘটে। এয়ারপোর্টে  কিন্তু ঘটনাচক্রে বা কায়দা কানুনে পারদর্শী হয়ে ওঠার সুবাদে সমস্ত কাজ বেশ নির্বিঘ্নে সম্পন্ন হল। ফ্লাইটের অভিজ্ঞতাও মন্দ না। নির্দিষ্ট সময়ে উড়ানের যথাস্থানে গদিয়ান হওয়া গেল। মার্সেই থেকে রোম পৌঁছতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা মতো। শেষবারের মতো মার্সেই এর একরাশ নীল জলরাশিকে বিদায় জানিয়ে উড়ে গেলাম আকাশে।

সেখানে ভাসতে ভাসতেই কোথা দিয়ে সময় কেটে গেল টের পেলাম না, হঠাৎই নজরে এলো গোলাকার বিশাল এক শহরের অবয়ব, এই কি সেই রোম, ইতালীয় ভাষায় আদরের নাম রোমা? আমার অনুমান সত্যি হলো, নীল আকাশে এক পাঁজা মেঘের মধ্যে ভাসতে ভাসতে ওই দিকেই চললাম আমরা। একসময় উড়ান ঘুরতে ঘুরতে নামতেও শুরু করল, অবশেষে মাটি ছুঁল রোমের।

এয়ারপোর্টটির নাম সিএমপিনো এয়ার পোর্ট, সমস্ত বাজেট এয়ারলাইন্সের বন্দর এটি। বেশ খোলামেলা এবং খেলানো এয়ারপোর্ট। লাগেজ জোগাড় করে এক জায়গায় এসে বসলাম, একটু ফ্রেশ হয়ে  বাইরে বেরিয়ে নির্দেশিত স্থানে পৌঁছে ট্যাক্সির জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, বোধহয় রাস্তায় ভিড় ছিল তাই ট্যাক্সি আসতে সময় নিল। বিকেল এখন প্রায় চারটে বাজে, গন্তব্য আমাদের ইজি রোম গেস্ট হাউস, পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় নিল। ক্যাব ড্রাইভার বেশ মিশুকে, আমরা পর্যটক জেনে যথাসম্ভব রোম সম্বন্ধে আমাদের অবহিত করেছেন, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়।

রোম ইতালির রাজধানী, ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় জনবহুল শহর। ইতালি পেনিনসুলার লেজিও অঞ্চলের মধ্য পশ্চিমভাগে অবস্থিত এই রোম। পাহাড়ের মাথায় টাইবার বা টিবিয়া নদীর ধারে গড়ে ওঠে প্রথম রোম সভ্যতা। পরবর্তীকালে সাতটি পাহাড়ের ওপর বিভিন্ন রাজারা বিভিন্ন সময়ে রোমকে গড়ে তোলেন, তাই রোমকে অনেক সময় সিটি অফ সেভেন হিলস্ বলা হয়। এখন এনিয়ান নদীও রোমের মধ্যে দিয়ে প্রবাহিত। টারেনিয়ান সমুদ্রের থেকে এই শহরের দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার।  পশ্চিমী সভ্যতা এবং ক্রিশ্চান কালচারের জনক এই রোম। ক্যাথলিক চার্চ এর মেইন সেন্টারও এই রোম। ছোট থেকে শুনে এসেছি 'রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে', ভাবলে শিহরণ জাগে, ২৮০০ বছরের ইতিহাস জড়িয়ে আছে এই রোমে। আনুমানিক খ্রীস্ট জন্মের ৭৫৩ বছর আগে রোমের গোড়াপত্তন শুরু হয়। ঐতিহাসিকদের মতে চোদ্দ হাজার বছর আগে রোমের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় আর ১০০০০ বছরের ইতিহাসে মানুষের অস্তিত্বের সন্ধান। রোম মানেই এক প্রাচীন সভ্যতা, রোম মানে রোমান ক্যাথলিক চার্চ, রোম মানে শিল্প ও বৌদ্ধিক বিকাশের এক শিখরচূড়া, রোম মানে এক চূড়ান্ত স্বপ্নের শহর - কত সহস্র বছর ধরে রোম ছিল ইউরোপীয় সমস্ত সভ্যতার ভাগ্য নিয়ন্তা। রোমের মাটিতে পা রেখে বুঝতে অসুবিধে হয় না একটা সময়ের দোর্দণ্ড প্রতাপ রোমের প্রতিপত্তির কথা, তবে কালের নিয়মে অবক্ষয় তো স্বাভাবিক। রোম সভ্যতায় তাই আজ ভাটার টান। হয়তো অর্থনৈতিক অবনয়ন এই অবক্ষয়ের একটি বিশেষ কারণ, কিন্তু যুগ যুগ ধরে যে ছিল পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক আজ তার মালিন্যে আর যাই হোক তাকে করুণা করার ধৃষ্টতা আমাদের শোভা পায় না।  চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুখানি চ।

রোমের মানচিত্রে দুটো চিত্র আমাদের নজরে আসে, বৃত্তাকারে সজ্জিত প্রাচীন রোম আর বৃত্তের বাইরে আধুনিক সজ্জায় সজ্জিত কিছু বহুতল ঘরবাড়ি। তবে শহরের বেশিটাই সুউচ্চ পরিখার আড়ালে প্রাচীন সভ্যতার ঝলক। চতুর্দিকে প্রাসাদোপম অট্টালিকা, পাথর খোদাই করা চার্চ, গম্বুজ, ক্যাথলিক, সবুজে ছাওয়া আদিগন্ত বিস্তৃত বিশাল আকৃতির ময়দান, প্রাচীন আমলের পাথর বিছানো রাস্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা শহর জুড়ে। এয়ারপোর্ট থেকে গেস্টহাউস যাওয়ার রাস্তায় সমানে জরিপ করে চলেছে আমার দুটি চোখ। প্রায় ঘন্টাখানেক লাগল ইজি রোম গেস্টহাউসে পৌঁছতে। অঞ্চলটির নাম ভায়া মিলাদ।

আমাদের হোটেলটিও একটি  বিশালাকৃতির বিল্ডিং এর মধ্যে অবস্থিত। বেশ পুরনো আমলের, ঢোকার গেটটিও বিশাল, সম্পূর্ণ লোহার তৈরি তা বুঝতে অসুবিধা হয়না। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো গেটের বাইরে। চাবি আনতে যেতে হয়েছিল অনতিদূরে একটি ক্যাসিনোতে যেখানে গেস্ট হাউসের মালিক এর অফিস। তবে শুধু চাবি না সশরীরে উনি  এবং ওনার অফিসের এক সাহায্যকারীনি এসেছিলেন আমাদের গেস্ট হাউসে অধিষ্ঠিত করতে। বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে ঢুকতে হয় আর কতটুকু এই গেস্ট হাউসের এক্তিয়ার - সবটা। আসলে এই বিল্ডিং এ আরো অনেক অফিস বা অন্যান্য গেস্ট হাউস, হোটেল ইত্যাদি সবই একত্রে বিরাজমান। এখানকার এলিভেটরটি ভারি অদ্ভুত। দু পাল্লার একটি কাচের ছোট্ট বাক্স। জরুরি প্রয়োজন ছাড়া ইউরোপে এলিভেটর বড়ো একটা কেউ ব্যবহার করেন না। সিঁড়ি দিয়ে অনায়াস ওঠানামা এখানকার সহজাত। তবে দুর্বল চিত্ত আমার এই ভারতীয় পায়ের পক্ষে পাথরকাটা সিঁড়িতে অনবরত ওঠানামা সত্যিই দুষ্কর। অতএব এলিভেটরই আমার অগতির গতি।





তিনতলায় আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসের চৌহদ্দির ঢোকার মুখেই এক বিশাল ওপেন কিচেন, রান্না করার ব্যবস্থা সেখানে নেই বটে কিন্তু থরে থরে সাজানো আছে জলের বোতল, নানান ধরনের পানীয়, ঝুড়ি ভর্তি ফল, চকোলেট ইত্যাদি। এখানকার অতিথিরা অনায়াসে এগুলো ব্যবহার করতে পারেন নিখর্চায়। তিনটি খাটের একটি বিশাল ঘর আমাদের, রোমান্টিক স্টাইলে সাজানো। লাগোয়া ততোধিক বড় একটি স্নান ঘর। সব মিলিয়ে ঘরে স্থিত হতে আমাদের বেশ সময় লেগে ছিল। ঘড়ির কাঁটা আটটা ছুঁই ছুঁই তাই পেটের মধ্যেও ছুঁচো ডন বৈঠক দিতে শুরু করেছে। সকালের পর থেকে তেমন আর কিছু খাওয়া হয়নি কারোরই, এতটা যে দেরি হবে  আমাদের হিসেবের মধ্যে ছিল না।। বাইরে ঝিরঝিরে বৃষ্টি তবে আশেপাশেই প্রচুর রেস্তোরাঁ, তাই দূরে কোথাও যেতে হবে না।  ডিনারের জন্য হাতের কাছেই পেয়ে গেলাম একটি পাঞ্জাবী রেস্টুরেন্ট। রোমে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা খুব একটা না থাকলেও  অন্যান্য রেস্টুরেন্টে এখন উপচে পড়া ভিড়, আগে থেকে বুক না করলে জায়গা পাওয়া মুশকিল। পাঞ্জাবি প্রথা অনুযায়ী যথেষ্ট আতিথেয়তায় আর সুস্বাদু খাবারের আস্বাদে মনটা ভরে গেল। বৃষ্টি তখনো হয়েই চলেছে, অপেক্ষা করে আর লাভ নেই শুধুই রাত বাড়ছে, তাই ভিজে ভিজেই আমরা সেই রাত্রে হোটেলে ফিরেছিলাম।

আজ শনিবার, সারাটা দিন আমাদের হাতে। এখানকার পুরনো রাস্তা গুলো বেশ জনপ্রিয় এবং পর্যটকদের জন্য দর্শনীয় স্থানও বটে। সেরকমই একটি রাস্তার নাম ট্রাস্টেবেরা, এর সন্ধান মিলে ছিল তিন্নীরই এক রোমান বন্ধুর কাছ থেকে।




সেখানেই কোন এক রেস্টুরেন্টে রোমান ব্রেকফাস্ট সেরে শুরু হবে আমাদের আজকের অভিযান। আর গড়িমসি না করে উঠে পড়লাম ঝটপট, তৈরি হয়ে চলে গেলাম ট্রাস্টেবেরা। বেশিক্ষণের রাস্তা না, মিনিট দশেক সময় লাগলো ক্যাবে।  রোমান ব্রেকফাস্ট - কারবোনারা ও আনুষাঙ্গিক ছিল সেদিন আমাদের প্রাতঃরাশের মুখ্য আকর্ষণ। এরপর হেঁটে হেঁটে জায়গাটা ঘুরে দেখতে লাগলাম। বড় রাস্তার থেকে কিছুদুর গিয়েই পুরনো আমলের পাথর বিছানো গোলক ধাঁধার মতো রাস্তা, বেশ সরু সরু, আবার তারই মাঝে চক মেলানো চওড়া চৌমাথা। ভেতরের এই রাস্তায় যানবাহন চলাচল সাধারণত করে না তবে একেবারেই যে চলাচল নিষিদ্ধ তা কিন্তু না। যাইহোক আমরা হেঁটেই গেলাম। পথ চলতে চলতে চোখে পড়লো একটি বড় কলসী আকৃতির জলের ভান্ড।


একসময় মাটির নীচ থেকে জলের স্রোত প্রবাহিত হতো এই কলসির মাধ্যমে, শহরবাসীর পানীয় জলের একটি উৎস হয়তোবা। আজও কিন্তু সেখানে ক্ষীণ জলধারা বিদ্যমান। আরেকটু হেঁটেই সামনে এক গির্জা। ভিতরে ঢোকার লোভ সামলানো গেল না। অপূর্ব সুন্দর কারুকার্য আর গভীর স্তব্ধতা মন টানে। অনেকক্ষণ বসেছিলাম সেখানে। ঘুরে ঘুরে দেখছিলামও যতটুকু দেখা যায়। বেরিয়ে সামনেই এক বিশাল চার মুখী ফোয়ারা। সেখানেও আমরা সময় কাটিয়েছিলাম কিছুক্ষণ। বেশ কিছুক্ষনের জন্য আমরা যেন হারিয়ে গিয়েছিলাম মধ্যযুগীয় সভ্যতার আড়ালে। ছবির মত রাস্তাগুলো।


এরপর আমরা যাব ভাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ, এই রোম শহরের মধ্যিখানে। পর্যটকদের কাছে দুটি কারণে এই ভাটিকান সিটির কদর, এক ধর্মীয় আর দুই পর্যটন। ভাটিকান সিটির মূল অর্থনীতি দাঁড়িয়েই আছে পর্যটন শিল্পের উপর। টিকিট কেটে ঢুকতে হয় এই দেশে। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম না হলে লাইনে দাঁড়াতে হতো। এখানে দেখার মধ্যে রয়েছে সেন্ট পিটার বাসেলিকা, সেন্ট পিটার স্কয়ার, ভাটিকান মিউজিয়াম, সিস্টিন চ্যাপেল, রাফাল রুম। দেশটির আয়তন সাকুল্যে ০.৪৪ স্কয়ার কিলোমিটার ।  ইউনেস্কোর থেকে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ৮০০ জন বসবাসকারীর দেশ এটি। ঠিক মধ্যিখানে সেন্ট পিটার ব্যাসিলিকা। পৃথিবীর বৃহত্তম ব্যাসিলিকা এটি। রেনেসাঁস স্থাপত্যের অসাধারণ শিল্প নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ব্যাসিলিকায়। মিকেল অ্যাঞ্জেলো, লা পি এলা, ব্রা মানতে, বার্নিনি, মাদার্না - এদের মত কালজয়ী শিল্পীর শিল্পে গরীয়সী এই ব্যাসিলিকা। এছাড়া এটা তো সেন্টার অফ রিলিজিয়ন, তা বলাই বাহুল্য। এরপর সিস্টিন চ্যাপেল। ভীষণ ভিড় ছিল সেদিন। এটি একটি মনুমেন্ট। দেওয়ালের আর ৮০০ স্কয়ার মিটার সিলিং এর ফ্রেসকোর কারুকাজ জগৎ বিখ্যাত। চার বছর ধরে  মিকেল আঞ্জেলোর তৈরি রেনেসাঁস শিল্প নিদর্শন, যা মুহূর্তের জন্যও চোখ ফেরাতে দেয় না। এবার আসি ভাটিকান মিউজিয়ামের কথায়। ৫৪ গ্যালারি বিশিষ্ট এই মিউজিয়াম। রেনেসাঁস এবং মধ্যযুগীয় শিল্প সম্ভারের সর্ববহুল সংগ্রহশালা এটি। রাফেল, কারা ভাগ্গিও, মিকেল অ্যাঞ্জেলো, বার্নীণি এইসব প্রথিতযশা শিল্পীর হস্তশিল্পের বিপুল নিদর্শন এখানে সংরক্ষিত। এরপর আছে রাফাল রুমস, গ্যালারি অফ ম্যাপস, সালা রোটুন্ডা ইত্যাদি।

পন্টিফিশিয়াল প্রাসাদের তৃতীয় তলায় রাফেল রুমস অবস্থিত। রাফেল রুম আসলে দ্বিতীয় পোপ জুলিয়াসের চার কামরার একটি সুইট। রাফেল একসময় এখানে তার ওয়ার্কসপ করেন এবং পেইন্টিং এর কাজ করেন। ঘর গুলির নাম যথাক্রমে রুম অফ কনস্ট্যান্টাইন, রুম অফ হেলিওডোরাস, রুম অফ সিগনেটেরা, রুম অফ দা ফাইয়ার ইন দা পারবো। সেন্ট পিটারস ব্যাসিলিকার নীচে আছে রোমান সিমেট্রি যা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল ১৯৪০ থেকে ৪৯ সালের মধ্যে, এখানেই পাওয়া গিয়েছিল সেন্ট পিটারের সমাধি। এই জায়গাটির নাম বাটিকান নেক্রোপলিস। এর সামনে বারান্দার মতো রাস্তা সেখান দিয়ে হেঁটে ছিলেন প্রথম খ্রিস্টানরা, এই পথে আজও পর্যটকদের অবাধ চলাচলে কোন বাধা নেই। ১৫ টির মতো সমাধি রয়েছে এখানে । সবশেষে যা আমার মন কেড়েছে তা হলো বাটিকান গার্ডেন একের পর এক  বাগানের সমাহার যেন। ভাটিকান সিটির অর্ধেকটাই প্রায় জুড়ে রয়েছে এই বাগানের সমারোহ। মধ্যযুগীয় সময়ের কত স্মৃতি সৌধ, নবম শতাব্দী থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত কত ঘরবাড়ি, কত বাহারী ফোয়ারা, ঘোরানো পেঁচানো ছবির মত সুন্দর কত রাস্তা, কত রং বাহারি ফুল, আর তারই মাঝে বিরাজমান মহান ওক গাছের সারি। বাগানের মাঝে মাঝেই অপূর্ব সুন্দর স্থাপত্যের নিদর্শন, আর আছে সেই নকল গুহা যেটা ম্যাডোনাকে উৎসর্গ করা হয়েছিল, খ্রীস্ট ধর্মাবলম্বীদের বড় পবিত্র স্থান এটি।






এইবার আমাদের ফেরার পালা। এখান থেকে যাব আমরা বিলা বর্গেস। রোম শহরে পার্ক গুলির একটি বিশেষ গুরুত্ব আছে। মাইলের পর মাইল আদিগন্ত বিস্তৃত সবুজের মেলা যেন, তারি সাথে হাতে হাত মিলিয়ে রয়েছে নানা ধরনের স্থাপত্যের মেলা, মিউজিয়াম প্রভৃতি। বিলা বর্গীজ ওইরকমই একটি পার্ক, একটি ল্যান্ডস্কেপ গার্ডেন। এটি রোমের তৃতীয় বৃহৎ পাবলিক পার্ক প্রায় ৮০ হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে। এই পার্কের ইতিহাসও বহু প্রাচীন। ১৬০৫ সালে কার্ডিনাল স্কিপিয়ন বর্গেস তার ভাইন ইয়ার্ড কে একটি বিশাল বাগানে রূপান্তরিত করেন। ১৯০৩ সালে এটি রোম কমিউনিটি কিনে নেয় এবং সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। হাতে আমাদের সময় বেশি নেই, তাই বিলা বর্গিসের পুঙ্খানুপুঙ্খ রূপ আস্বাদন করার সুযোগ আমাদের ছিল না।  ইলেকট্রিক ট্রাম বা রিক্সা চলাচল করছিল বটে তবে কেন জানিনা আমরা হেঁটে হেঁটে ঘোরটাকেই শ্রেয় বলে মনে করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটি ছোট্ট চিলড্রেন্স পার্কে। পাশেই কাচের ঘেরাটোপে মোড়া অপূর্ব সুন্দর একটি রেস্তোরাঁ আমাদের যেন হাতছানি দিয়ে ডাকলে, উপেক্ষা না করে ঢুকেই পড়লাম। 

রোমান্টিক পরিবেশে রোমান ডিনার আর কি চাই মন প্রাণ ভরে গেল আনন্দে। বাইরে অন্ধকার নেমে গেছে। ডিনার সেরে বাইরে বেরিয়ে ট্যাক্সি বুক করতে গিয়ে প্রায় এক ঘন্টা ধস্তাধস্তির পর বোঝা গেল এখানে কোন ট্যাক্সি পাওয়া যাবে না। লোককে জিজ্ঞাসা করেও বুঝতে পারছিলাম না কিভাবে এখান থেকে বেরোনো যায়। হাঁটতে হাঁটতে বহু সিঁড়ি নেমেও হদিস খুঁজে পাওয়া যাচ্ছিল না মূল শহরের রাস্তার। অনেক নীচে নামলে তবে হয়ত শহরের নাগাল পাব অবশেষে এক জায়গায় থমকে দাঁড়ালাম। রাস্তা দিয়ে দৌড়ে চলেছে প্রাইভেট গাড়ি, কিন্তু ট্যাক্সির দেখা নেই। ট্যাক্সি এখান থেকে পাওয়া যাবে না সে কথাও জানিয়ে গেল পথচারীরা। বুঝলাম কপালে দুর্ভোগ আছে। ওই শীতের মধ্যেও ঘামতে শুরু করেছি আমরা তিনজনে। রাত ক্রমশ বাড়ছে কিন্তু হঠাৎই দেবদূতের মতো হাজির হলেন এক দম্পতি। ছোট্ট একটি গাড়ি তাদের। আমরা বিদেশী, বিপদে পড়েছি বুঝে লিফ্ট দিতে চাইলেন। হাতে যেন চাঁদ পেলাম, সাত পাঁচ না ভেবেই আমরা গাড়িতে উঠে বসলাম। জানতে পারলাম এখান থেকে শহরের দূরত্ব অনেকটা, তবে ভয় নেই উনি আমাদের সিটি সেন্টারে ছেড়ে দেবেন, সেখান থেকে যেন আমরা ক্যাব নিয়ে হোটেলে ফিরে যাই। তেমনটাই হল। তবে বিপদ এখনো কাটেনি, পরে বুঝেছিলাম। আমাদের কারুর কার্ড থেকে পেমেন্ট করে ট্যাক্সি বুক করা যাচ্ছিল না, অবশেষে তিন্নী সাহায্য নিল ইউএসএতে বসে থাকা তিতলির। ইউএস কার্ড কাজ করতে পারে এই ভেবে। অজানা এই শহরে সে যাত্রায় আমরা বেঁচে গিয়েছিলাম তিতলির ইউ এস কার্ডের দৌলতে। অবশেষে আমরা ফিরলাম হোটেলে। সেদিনের শেষ ভাগের প্ল্যান বানচাল হয়ে গিয়েছিল এইসব অঘটনের জন্য।  কথা ছিল বিলা বর্গীস থেকে আমরা যাব কলোজিয়াম দেখতে। সে আর  হলো না।


আজ রবিবার তিন্নীর দুপুরে ফ্লাইট মার্সেই ফেরার। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা সময়। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। সাত সকালেই বেরিয়ে পড়লাম ছাতা মাথায়, কলোজিয়াম দেখতে হবে যে! না হলে যে আর দেখাই হবে না তিনজনে মিলে। প্রথমে কলোজিয়ামের কাছেই একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারলাম। তারপর ছাতা মাথায় দিয়ে কলোজিয়াম দর্শন। বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই  কলোজিয়াম। একটি ডিম্বাকৃতি এম্ফিথিয়েটার। 


সেন্ট্রাল রোমের রোমান ফোরামের ঠিক পূর্ব দিকে এর অবস্থান। বিশ্বের সবথেকে প্রাচীন এবং সব থেকে বৃহৎ এম্ফিথিয়েটার এটি, আজও পৃথিবীর বুকে এটাই বোধহয় সবচেয়ে বড় এম্ফিথিয়েটার। সৃষ্টির কাজ শুরু হয়েছিল ৬৯ থেকে ৭৯ সাল এর মধ্যে। পরবর্তীকালে এর অনেক রকমের সংযোজন এবং পরিবর্তন হয়। এই কলোসিয়াম লাইম স্টোন, ভলকানিক পাথর এবং ইঁটের কংক্রিটের তৈরি। ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী  প্রায় ৫০ হাজার থেকে ৮০ হাজার দর্শকের বসার আসন ছিল এখানে। সেই সময় বহু প্রতিযোগিতা, নানা ধরনের দর্শনীয় অনুষ্ঠান, পশু শিকার, বিভিন্ন রকমের এক্সিবিশন, নাটক অনুষ্ঠিত হতো এখানে। মধ্যযুগীয় ইতিহাসে এই কলোজিয়ামের বহু ব্যবহারের কথা শোনা যায় । এরপর কালের নিয়মে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এই বিশাল স্মৃতিসৌধ। একের পর এক ভূমিকম্প এবং পরবর্তীকালে পাথুরে ডাকাতদের অত্যাচারে কলোজিয়াম ধ্বংস হতে থাকে। কলোজিয়ামকে আজও ইম্পেরিয়াল রোমের একটি উল্লেখযোগ্য স্মৃতি চিহ্ন হিসাবে গণ্য করা হয়। এই কলোসিয়াম টি অন্যান্য রোমান থিয়েটারের থেকে সম্পূর্ণ আলাদা, এটি একটি ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। ১৮৯ মিটার লম্বা এবং ১৫৬ মিটার চওড়া এই কলোজিয়াম ২৪ হাজার স্কয়ার মিটার এলাকা জুড়ে অবস্থিত। এর উচ্চতা ৪৮ মিটার। আজও উত্তর দিকের দেওয়ালটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি দেখার আশা করি না। সময় এগিয়ে আসছে, আর দেরি করা চলে না, তিন্নী চলে গেল এয়ারপোর্টে, সাথে নিয়ে গেল আমাদের সারাদিনের প্রাণশক্তি। আর ভালো লাগছে না ইউরোপের মাটিতে, এবার ঘরে ফেরার টান। কাল আমাদের দেশে ফেরার ফ্লাইট। ভারী মন নিয়ে ফিরে এলাম গেস্ট হাউসে। সারাটা দিন বিছানায় গড়িয়ে সময় যেন আর কাটে না। বিকেলে একটু বেরিয়েছিলাম হাঁটতে আশেপাশেই। কিন্তু বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না তাই অগত্যা পাঞ্জাবি দোকান থেকে সিঙ্গাড়া কিনে নিয়ে ফিরে এসেছিলাম হোটেলে। এতক্ষণে তিন্নী পৌঁছে গেছে বাড়িতে। ওর বাড়িটাও নিশ্চয়ই খাঁ খাঁ করছে। আমরা তাড়াতাড়ি ওই পাঞ্জাবি হোটেলেই রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে এসেছিলাম, কাল সকাল দশটায় হোটেল ছেড়ে দিতে হবে।

আজ সোমবার ঘরে ফেরার দিন, এখানে ট্যাক্সি একটা উপদ্রব বিশেষ। লট বহর নিয়ে নীচে নামতেই দেখি আর এক বিপত্তি। সারা রাস্তা জুড়ে দোকানের মেলা বসে গেছে, অতএব এই রাস্তায় আর কোন গাড়ি ঢুকতে পারবে না। অতএব আবার সেই হন্টন। এদিকে ট্যাক্সিও পাওয়া গেল না।  ইষ্ট নাম জপ করতে করতে সমরজিৎ চলে গেল ক্যাব টারমিনাসে।  প্রায় 40 মিনিট বাদে মাঝ রাস্তা থেকে উঠলাম ক্যাবে।

এবারে আমাদের এয়ারপোর্ট লিওনার্দো দা ভিঞ্চি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাতে সময়ের অভাব না থাকলেও, ক্যাশ টাকার অভাব আছে। ক্যাশ ইউরো আমরা প্রায় শেষ করে দিয়েছি কার্ডের ভরসায়। ক্যাব ড্রাইভার অবশ্য আশ্বস্ত করেছেন কার্ড পেমেন্ট সম্ভব, যাই হোক সেদিন  শেষ যাত্রায় আর ভোগান্তি হয়নি। নিরুপদ্রবে যথাসময়ে এয়ারপোর্ট পৌঁছে যথা নিয়মে কাতার এয়ারলাইন্সের বিমানে পৌঁছে গিয়েছিলাম দোহা আর সেখান থেকে দিল্লী এবং দিল্লী থেকে আমাদের ভালো-বাসা এবং ভালোবাসার শহর  রাঁচিতে। 

























Comments

Popular posts from this blog

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি