অরুণাচল

 


        বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এবছর (২০২৪) মার্চ মাসেই কথা হয়েছিল আমরা অরুণাচল প্রদেশ যাবো। কথা পাড়তেই রেনু ফোনের ও প্রান্ত থেকে সম্ভবত লাফিয়ে উঠেছিল, বলেছিল তারাও যাবে। এ তো দেখি মেঘ না চাইতেই জল। রেনু ও তার স্বামী আনন্দ তিওয়ারি। এক সময় আমাদের কলিগ ছিল রেনু, জামশেদপুরে আমাদের প্রথম পরিচয়। আজ ওরা আমাদের পারিবারিক বন্ধু শুধু না ওরা আমাদের প্রাণের অনেকটা কাছের, অনেকটা মনেরই মতো। অরুণাচলে ওদের সঙ্গ পাব জেনে যাওয়ার আনন্দটা লাফিয়ে লাফিয়ে তিনগুণ চারগুণ পাঁচগুণ - বহুগুণ  বেড়ে গিয়েছিল। আজ শুধু আমি আর রেনু না, আমরা চারজনেই - একে অন্যের সাথে প্রগাঢ় বন্ধুত্ব। ওদেরও দুই মেয়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চারটি প্রাণ, তাদের বন্ধুত্বও অমলিন।
ইচ্ছা আমাদের বহুদিনের অরুণাচলে যাওয়ার। আমরা কর্মসূত্রে একসময়ে ভূটানে ছিলাম, আমাদের প্রথম একান্তের সংসার। তখনো আমাদের জীবনে  তিন্নী আসেনি, তিতলিকে তিন মাসের নিয়ে প্রথম আমরা ভুটানে পাড়ি দি।  ইস্ট ভুটানের প্রবেশদ্বার ছিল আসামের গৌহাটি হয়ে মেলা-বাজার, সেখান থেকে শন্দ্রুপঝংকার। পূর্ব ভূটানের তাংমাচুতে আমাদের সরকারি কোয়ার্টারের রান্নাঘরের, বিশাল স্বচ্ছ জানালাটা দিয়ে সামনেই চোখে পড়তো বরফে ঢাকা দুংখার পর্বত শৃঙ্গ, সবাই বলতো পর্বত পেরোলেই চায়না আর এই পর্বতের পরবর্তী অংশ দেখা যায় আমাদের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে। সেই সময় আর অবকাশ হয়নি সেখানে যাওয়ার। ঘরে ফেরার টান তখন এমনই তীব্র ছিল যে প্রতিবারই ঐ পথ দিয়ে যাতায়াত করেও উল্টো দিকে যাওয়ার কথা কল্পনাতেও আনিনি কখনো। কিন্তু বোধহয় মনের কোণে একটা সুপ্ত ইচ্ছা ছিল তাওয়াং যাওয়ার। সেই জন্য অরুণাচল প্রদেশ ভ্রমণ আমাদের কাছে যথেষ্ট উদ্দীপনার। তার সঙ্গে রেনুদের বেঁধে ফেলা, সে তো এক উপরি পাওনা। ওদের সঙ্গে দেখাও হয়নি বহুদিন, সেই গেল বছর পয়লা জানুয়ারি, রাঁচি এয়ারপোর্টে কয়েক ঘন্টার জন্য। সবার সুবিধে অনুযায়ী দিন স্থির হল মে মাসের তৃতীয় সপ্তাহে আমাদের যাত্রা শুরু হবে। সেই মতো টিকিট কাটা হল, রেনুরা সরাসরি কলকাতা থেকে চলে যাবে গুহাটি আর আমরা যাব রাঁচি থেকে গুহাটি ভায়া কলকাতা। আমাদের হাতে দুমাসের অঢেল সময় আছে বটে, তবে এরই মাঝে রেনুদের পাকাপাকিভাবে কলকাতায় সেটল করার ব্যাপার, তাই ওদের হাতে সময় সীমিত।
যাইহোক আমাদের ট্যুর ম্যানেজার সমরজিৎ এইবারে রনে ভঙ্গ দিয়েছিল। সে অন্য এক পেশাদারী ট্রাভেল এজেন্টকে এ দায়িত্ব সমর্পণ করেছিল তবে অবশ্যই বেসিক প্ল্যানটা ও'রি। এই হস্তান্তরের মূল কারণ হল, - কেন জানিনা আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল অরুণাচল ভ্রমণে পরিকল্পনা করার মত বিশেষ কিছু নেই আর ওখানে বিলি বন্দোবস্ত করা আমাদের মত আনাড়িদের পক্ষে খুব সহজ হবে না, অবশ্য এটা সম্পূর্ণভাবেই আমাদের অনুমান ছিল।
আমাদের যাত্রা শুরু হল 23 শে মে। রেনুরা গুহাটি পৌঁছেছিল সকাল দশটা নাগাদ আর আমাদের পৌঁছানোর সময় বিকেল চারটে। তাই ওদের অপেক্ষা না করিয়ে আমরা বলেছিলাম এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যাব বুক করে ওরা যেন গন্তব্যে পৌঁছে যায়, তেমনি করেছিল ওরা। আমরা সকালবেলা বাড়ি থেকে ব্রাঞ্চ করেই বেরিয়েছিলাম কেননা কলকাতায় পৌঁছে লেওভারে সময় বেশি ছিল না। পরবর্তী ফ্লাইটের দীর্ঘ লাইন ভেদ করে যখন গেটের কাছে পৌঁছোই তখন হাতে আর সময় মাত্র ১৫ মিনিট। ওই সময়ে এক কাপ চা কোনোরকমে গলদ্ধকরণ করেছিলাম।
যাক আমরা নির্দিষ্ট সময়ে গুহাটি এয়ারপোর্টে পৌঁছেছিলাম। বিকেলে দেখা এয়ারপোর্ট কে আপাতদৃষ্টিতে একটু ছোট বলে মনে হলেও, বেশ সাজানো গোছানো, তবে লাগেজের জন্য অপেক্ষা করার জন্য স্থান সংকুলান যথেষ্ট কষ্টসাধ্য। যাইহোক যে ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা হয়েছিল তারা যথা সময়ে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গাড়ির ড্রাইভার অত্যন্ত সজ্জন এবং পরিষ্কার বাংলা বলতে পারেন। আমাদের গন্তব্য গুহাটির হোটেল 'রেন্স ইন'।





 এয়ারপোর্ট থেকে হোটেল অনেকটা দূরে, প্রায় এক ঘন্টার পথ। পথে অবশ্য আমরা বেশ কিছু জায়গায় যানজট পেয়েছিলাম। বহুদিন পরে রেনুর সাথে দেখা হচ্ছে, সে আনন্দ তো আছেই এছাড়াও প্রায় ৩০ বছর আগেকার গৌহাটি আজ রঙে রূপে কেমন হয়েছে সে দেখার অভিপ্রায়ও বড়ো কম নয়। কত বদলে গেছে সে, কত চওড়া-চওড়া রাস্তা, ফ্লাইওভার, পরিষ্কার পরিচ্ছন্ন, ভারী সুন্দর লাগলো শহরটাকে। ব্রহ্মপুত্রের বুকের উপর দিয়ে উড়ন্ত পথ পেরিয়ে যখন আসছিলাম বড় আপন মনে হচ্ছিল তাকে, কত দিনের চেনা! পুরনো কত স্মৃতি!
এক সময় সব অপেক্ষার অবসান ঘটিয়ে রেনুদের দেখা পেলাম, ওরাও নির্ণিমেশ নয়নে আমাদের জন্য অপেক্ষা করছিল বোধ হয়, গাড়ি হোটেলের পোর্টিকোয় ঢুকতে না ঢুকতেই রেনুর ফোন। হোটেলের জানলা দিয়ে গাড়ি ঢুকতে দেখেই আন্দাজ করেছিল আমরা পৌঁছে গেছি, ওপর থেকে ফোন করে নিশ্চিন্ত হল। হোটেলের রিসেপশনের সমস্ত নিয়ম-কানুন শেষ করে ওপরে আসার অপেক্ষা। চোখ জুড়োলো, প্রাণ ঠান্ডা হলো - বন্ধু শক্তির যে কি অমোঘ টান তা এই বয়সে এসে যেন আরো বেশি করে অনুভব করছি প্রতিক্ষণে। অপেক্ষা করার লোক গুলো যে দিনে দিনে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে!
ব্যস কথার ফুলঝুরি ছুটলো আমাদের, সেতো অপরিমিত, অশেষ। তবে তারই মাঝে সমরজিত, যজ্ঞ ভণ্ডুল করার অভিপ্রায়ে আসীন, সব কথা যদি এখনই হয়ে যায় তাহলে এতদিনে ট্যুরে করবো টা কি? যেন ওর অজানা, আমাদের কথা এ জীবনে শেষ হবার না! যাই হোক পেটের কথা ভেবে আর বেশি কথা বাড়ালাম না। বাধ্য মেয়েটির মত হাত মুখ ধুয়ে একটু জামা কাপড় বদলে সোজা চলে এলাম নীচে, রেস্টুরেন্টে, চারজনেই ক্ষুধার্ত। দেখা হয়ে মনের খিদে মিটেছে ঠিকই কিন্তু পেট তখন জানান দিচ্ছে আর দেরি করা সমীচীন নয়। মনের উত্তেজনা এতটাই যে আনন্দে নানা রকম খাবার জিনিস অর্ডার দিতে লাগলাম, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি ডিনারের সময় হয়ে এসেছে তাই ঠিক করলাম বেশি হাবিজাবি না খেয়ে অল্প কিছু খেয়ে গল্প করতে করতে সময় কাটিয়ে একেবারে ডিনার খেয়েই উপরে উঠবো। সেখানেও ঘন্টা তিনেকের জমাটি আড্ডা হয়েছিল।
পরের দিন ট্যুর গাইডের প্ল্যান অনুযায়ী প্রথমে কামাখ্যা দর্শন এবং সেখান থেকে সরাসরি চলে যাব আমরা ভালুকপং। তবে চারজনেই একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে কামাখ্যা দর্শন করতে গেলে শুনেছি ভোরবেলা লাইন দিতে হয়, এ যাত্রায় সে লাইন দিতে নারাজ আমরা। স্থির হলো কেবল মন্দির দর্শনই হবে আমাদের এবারের নির্ঘণ্ট, সেই মতো আমাদের ড্রাইভারকেও জানিয়ে দেওয়া হল। আমরা কেউই রাত চরা পাখি নই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই আমাদের বরাবরের অভ্যেস, সে রাতেও তার ব্যতিক্রম হলো না, সমস্ত কথা পরের দিনের জন্য বাঁচিয়ে শুয়ে পড়লাম যে যার ঘরে।
গুহাটিতে মে মাসের শেষেও  অসম্ভব গরম ছিল, পরদিন সকালে রেনুদের ঘরে এলাম চা খেতে, চায়ের সাথে নিয়মমাফিক টা হিসেবে আড্ডা চলল প্রায় এক ঘন্টা। তারপর যে যার মত রেডি হয়ে নীচে এলাম কম্প্লিমেন্টারি ব্রেকফাস্টের  উদ্দেশ্যে। ঘরের মধ্যে টের পাইনি, বাইরে এসে টের পেলাম ওই মাঝ সকালেও রোদের কি ভীষণ তাপ, ওই গরমে মন্দির চাতালে পা রাখা একেবারেই অসম্ভব, তাই দূর থেকে মন্দির দর্শন করে আমরা যাত্রা শুরু করলাম ভালুক পং-এর উদ্দেশ্যে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন আমাদের এই সিদ্ধান্তে যার পর নাই খুশি হলেন, বলাই বাহুল্য। 
রাস্তার সৌন্দর্য অসম্ভব সুন্দর তা আগে থেকেই জানা ছিল, সময় লাগবে পাঁচ ছয় ঘন্টা। একটানা অতক্ষণ পথচলা সম্ভব নয়, তাই ঘন্টা দেড়েক দুয়েকের ব্যবধানে আমরা বিভিন্ন অছিলায় গাড়ি দাঁড় করিয়েছিলাম, গন্তব্যে পৌঁছতে তাই বেশ কিছুটা বাড়তি সময়ও লেগেছিল। অসম্ভব গরম ছিল সেদিন, একেবারে গা জ্বালা করা গরম। প্রায় দুপুর বারোটা নাগাদ আমরা একটি পথের ধারে হোটেলে দাঁড়িয়ে ছিলাম, জায়গাটি খুব সুন্দর কিন্তু এসি ছাড়া থাকা যাচ্ছে না তাই ঠান্ডা ঘরের মধ্যে গিয়েই বসতে হলো। অপূর্ব স্বাদের প্রাণ জুড়ানো লাইম ওয়াটারে সিক্ত হলাম আমরা। যাইহোক এমনি অনেক দেরি করে ফেলেছি দাঁড়াতে দাঁড়াতে, আমাদের গন্তব্য ভালুক পং-এর প্রশান্তি কটেজ।



Comments

Popular posts from this blog

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি