অরুণাচল

 তাওয়াং

দিরাং থেকে প্রাতঃরাশ সেরে গতকালের মতো একইভাবে পথচলা শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। আগেই বলেছি, আজকের গন্তব্য তাওয়াং, ১৪০ কিলোমিটারের পাহাড়ি রাস্তা। পথে পড়েছিল সেলাপাস, একমাত্র পথ যেটা অরুণাচলের তাওয়াং ডিস্ট্রিক্টকে ভারতের সঙ্গে যুক্ত রেখেছে। মাঝেমধ্যেই গাড়ি থামিয়ে পথের দুপাশের নৈসর্গিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করছি বটে আমরা, তবে মন ক্যামেরার সঙ্গে হাত ক্যামেরার এঁটে ওঠার সাধ্য কি! সৌন্দর্যে আপ্লুত আমরা অবশেষে পৌঁছলাম সেলাপাস। 

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭০০ ফিট উপরে, সেলাপাস তাওয়াংগের প্রবেশদ্বার এখান থেকে তাওয়াং এর দূরত্ব ৬৭ কিলোমিটার। অক্টোবর থেকে মে মাসে এখানে বরফ পড়ে কিন্তু আজ ২৬শে মে, দূরের পাহাড়গুলো ছাড়া বরফ দেখা গেল না। তবে ঠান্ডার তীব্রতা গরম জামাকাপড়ের পরত ভেদ করে সোজা যেন হাড়ে গিয়ে বিঁদছিল। তিব্বতি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ এক পবিত্র স্থান। তাঁরা বিশ্বাস করেন আশেপাশে ১০১ টির মত পবিত্র জলাশয় এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারি মাঝে অন্যতম সেরা এই সেলা লেক। বছরের অনেকটা সময় এই লেকের জল বরফ জমা থাকে, তবে আজ সে তরল। এর সৌন্দর্যও বড় কম নয়। তীব্র রোদের ছটায় চিকচিকে স্বচ্ছ জলরাশি যেন অবুঝ শিশুর মত খিলখিলিয়ে হেঁসে উঠছে আবার মেঘের দল খেলতে খেলতে সূর্যকে যখন ঢেকে দিচ্ছে জলের মুখও বুঝি ভার হয়ে যাচ্ছে। নিরন্তর এই খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আরো যে পথ বাকি, সময় লাগবে অনেকক্ষণ।

এখান থেকে গেলাম আমরা যশবন্ত গড়, রাইফেল ম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতিসৌধ। 



১৯৬২ সালের নুরানাং যুদ্ধে ১৭ই নভেম্বর উনি শহীদ হন, তারি বীরগাথায় গড়ে উঠেছে যশবন্ত গড় পোস্ট আর যশবন্ত গড় ওয়ার মেমোরিয়াল। বলাই বাহুল্য এই মেমোরিয়ালটি পুরোটাই ইন্ডিয়ান আর্মি পরিচালিত। সুন্দর ছোট্ট একটি পাহাড়ি জনপদ যেন গড়ে উঠেছে প্রকৃতির কোলে। আমাদের পুরোটা দেখতে সময় লেগেছিল বেশ খানিকক্ষণ। যশবন্ত সিংকে যুদ্ধে সাহায্য করেছিল সেলা আর নুরা নামের অসামরিক দুটি মেয়ে। সেই সেলার নামেই এই পথের নাম সেলা পাস। এখান থেকে গেলাম আমরা নুরানাং ফলস দেখতে। এই জং শহরের দু কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ফলস রোডে অবস্থিত নুরানাং ফলস, একে জং ফলস বা বং বং ফলসও বলা হয়। ১০০মিটার উঁচু থেকে গভীর গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে ভীষন দাপটে আছড়ে পড়ছে ধোঁয়ার মতো জলরাশি তাওয়াং নদীর কোলে। এ হয়তো তার নুরার বীর গাথাকে খর্ব হতে না দেবার অঙ্গীকার! তাই তো নুরানাং যুদ্ধের যশবন্ত সিং এর আর এক সাহায্যকারীনি নুরার নামে এই জলপ্রপাতের নামকরণ। ছোট্ট একটি হাইডেল প্লান্ট - যা জং হাইডেল প্ল্যান্ট নামে পরিচিত এই জলপ্রপাতের পাদদেশে অবস্থিত।

                                                                 Nuranang Falls 
Yasbant Singh War Memorial



ফলস দেখার আগে আমরা অবশ্য দ্বৈপ্রাহরিক আহার সেরেছিলাম একটা ভালো রেস্টুরেন্টে, অরুণাচল প্রদেশে এসে এমন খাবার ব্যবস্থা সত্যিই অবাক করেছে আমাদের। আমাদের গাড়ির চালকই আমাদের পথপ্রদর্শক। স্বাদে অনন্য, আপাদ মস্তক বাঙালী থালি। ভিড় দেখেই অনুমান করেছিলাম এই রেস্তোরাঁর প্রসিদ্ধির কথা। খাবার খেয়ে তারিফ না করলে অন্যায় হবে তবে এটিও মহিলা পরিচালিত একটি রেস্টুরেন্ট।

নুরানাং ফল্স থেকে এবার আমরা সোজা পৌঁছেছিলাম হোটেলে। বিকেল হয়ে গেছে, ঠান্ডার দাপট মন্দের ওপর ভালোই। আমাদের হোটেলের নাম তাওয়াংগ হাইট্স। রিসেপশনে বেশ ভিড়, সময় লাগলো সমস্ত ফরমালিটি শেষ করে ঘরে ঢুকতে। হোটেলের রিসেপশন টা উপরে, ঘরগুলো নিচে, তবে লিফটের ব্যবস্থা আছে। পাশাপাশি দুটি ঘর আমাদের, সুন্দর গোছানো ব্যবস্থা। এক চক্কর এদিক ওদিক ঘুরে নিলাম। তারপর আমাদের নিয়মমাফিক চায়ের আড্ডা, রাত্রে ডিনার, তারপর গভীর ঘুম, এ তো এখন আমাদের রোজনামচা। 

পরের দিন - আজ আমাদের বহু প্রতীক্ষিত সেই বুমলা পাস দর্শন। দলাই লামা এই পথেই প্রথম ভারতে প্রবেশ করেন তিব্বত থেকে। তাওয়াং থেকে এর দূরত্ব ৩৭ কিলোমিটার। এখান থেকে বুমলাপাস যাওয়ার আলাদা গাড়ি মেলে, গাড়ি পিছু ভাড়া ৫০৫০ টাকা আর চাই ইনার লাইন পারমিট। সেসব ব্যবস্থা তো আগেই হয়ে গিয়েছিল, গাড়ির ব্যবস্থাপনাও হোটেলের দায়িত্ব। কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখন অবশ্য আর বৃষ্টি নেই, তবে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বুমলা পাশের উদ্দেশ্যে ।ভাঙাচোরা রাস্তা দিয়ে মেঘ সরিয়ে গাড়ি চলল। সর্পিল রাস্তার প্রতিটি বাঁকে নতুন নতুন প্রকৃতি যেন ধরা দিতে লাগলো আমাদের সামনে। হঠাৎই এক জায়গায় এসে গাড়ি থমকে দাঁড়ালো, গাড়ি থেকে নামার নির্দেশ পেলাম অঝোরে বৃষ্টি হচ্ছে তখন। সামনেই ছোটো একটা মিলিটারি ক্যান্টিন, সেখানে পর্যটকদের সেবায় বিনা পয়সায় ম্যাগি এবং কফি বিতরণ করছে আমাদের ভারতীয় সেনা দল। ১৯৬২ সালে এই পথেই ভারত আক্রমণ করেছিল চায়নার পিপলস লিবারেশন আর্মি। বর্তমানে এখানেই বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট, চায়না এবং ইন্ডিয়ার উভয় পক্ষের অনুমতিক্রমে। ২০০৬ সাল থেকে এই পথেই চলে চায়না ও ভারতের বাণিজ্যিক লেনদেন। দূর থেকে হলো চৈনিক সেনাদের সঙ্গে মুলাকাত। ৪৩ কিলোমিটার দূরে ওপাশে চায়নার সোনা কাউন্টি। 

১৫,২ ০০ ফিট ওপরের বিপুল বিস্তারে ছড়িয়ে আছে ভারত চীন সীমান্তের হিমালয় পর্বত শৃঙ্গ, তবে একদম সামনে এসে সে পাহাড় কিন্তু আমার অদেখাই রয়ে গেল, সেদিন সে ছিল মেঘে ঢাকা, আজ বুঝি তার বৃষ্টির সঙ্গে অভিসারে যাওয়ার দিন। সুদূর রাঁচি থেকে দৌড়ে এসেও দেখা হলো না, আমার ভুটানের দুংখার পাহাড়, অবগুন্ঠিত রয়ে গেল আমাদের সামনে। দেখা হলো না ঠিকই, কিন্তু বৃষ্টি কে বলে এলাম, তাদের এ বাসর সজ্জা আমারই মনের প্রকাশ, তাদের এই রূপ আমার কাছে এক অপার আনন্দ, আমার নস্টালজিয়া। আরো একজন আছে এ পৃথিবীতে যে আমার এই ভালোবাসার সাক্ষী।

                                    At Tawang Monastery 


Infront of PTSO lake

                                                              Sela Pass

বুমলা পাস থেকে ফেরার পথে ৭ কিলোমিটার দূরে মাধুরী লেক যার আসল নাম সাঙ্গেস্টার লেক। একটি ভূমিকম্পের প্রভাবে পাহাড়ি পাথর, বোল্ডার এবং উপড়ে যাওয়া গাছ চিরে সৃষ্টি হয়েছিল এই লেক। মাধুরী দীক্ষিত অভিনীত হিন্দি সিনেমা কোয়লার শুটিং হয়েছিল এখানে, সেই থেকে এর নতুন নাম হয় মাধুরী লেক। ঘন মেঘের চাদরে সেদিন মাধুরী লেক ও ধরা দেয় নি আমাদের সামনে। বেশ কিছুটা নেমে এসে আমরা দেখা পেলাম পাঙ্গা টেন্গ শো লেক(PT tso, তিব্বতি ভাষায় ছো শব্দের অর্থ লেক)। ততক্ষণে আকাশ পরিস্কার হয়ে গেছে। তুষারাবৃত হিমালয়ের সুউচ্চ শৃঙ্গের ঘেরা টোপের মাঝে স্বচ্ছ জলের অপার ভান্ডার যেন। গাড়ি থেকে নেমে চোখ ফেরানো দায়। মন মাতাল করা অপরিযাপ্ত রূপের ডালি হাতে প্রকৃতি যেন আজ অঙ্গীকারবদ্ধ, তার বিভিন্ন রূপ মেলে ধরবেই সে আমাদের সামনে। অনন্য এক অনুভূতি, ভাষায় প্রকাশে অপারক আমি, বোধ করি এই প্রচেষ্টায় ক্ষান্ত দেওয়াই শ্রেয়।

আমরা দুপুর বেলা হোটেলে ফিরে এসেছিলাম, সবাই ভেবেছিলাম আজ তিব্বতি খানায় মন ভরাবো। সৎ সাহস দেখিয়েছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত কৃতকার্য হইনি, বিফল মনোরথে হোটেলে ফিরেই লাঞ্চ করেছিলাম। 

সেই দিন বিকেলটা হোটেলেই বসেছিলাম, যথারীতি গল্প আর আড্ডা, সঙ্গে চলেছিল চায়ের আসর। বাইরে অনবরত ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে।

আজ আমাদের ট্যুরের ষষ্ঠ দিন ঘুম ভাঙলো সেই সাত সকালে। চারটেতেই এখানে সকাল হয়ে যায়। সকালে উঠে আমাদের নিত্যনৈমিত্তিক রুটিন। প্রাতঃভ্রমণ সেরে ফিরে এলো সমরজিৎ আর তিওয়ারিজী, তারপর রোজকার রুটিন, চা, সঙ্গে আড্ডা তারপর সাজুগুজু করে ডাইনিং হলে প্রাতঃরাশ। আজ যাবো আমরা তাওয়াং মনেস্ট্রি দেখতে। ভারতবর্ষের সবথেকে বড় বৌদ্ধিক মনেস্ট্রি, এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। তিব্বতিদের কাছে এটি Gaden Namgyal Lhatse নামে পরিচিত অর্থাৎ "the divine paradise of complete victory". সপ্তদশ শতকের শেষ ভাগে পঞ্চম দলাই লামার ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল এই মনেস্ট্রি। তিনটি তলায় বিভক্ত এটি, 925 ফিট দীর্ঘ্য পরীখায় আবদ্ধ। মনেস্ট্রি কমপ্লেক্সের মধ্যেই ৬৫টি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে আর সমৃদ্ধ এর লাইব্রেরী, বহু প্রাচীন মূল্যবান স্ক্রিপচারস রাখা আছে এখানে। এখান থেকে পুরো তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল আকার বুদ্ধমূর্তিটি। এ সেই বুদ্ধমূর্তি যা তাওয়াং প্রবেশ করার সাথে সাথে আমরা দেখছি বারংবার। গাড়িতে বসে ড্রাইভারকে বলাতে সে নিয়ে গেল সেখানে, চোখ ঝলসানো সোনালী রঙের বিশাল আকার বুদ্ধমূর্তি এটি, প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে। অনেক নামের মধ্যে বুদ্ধদেবের আরেক নাম ছিল শাক্যমুনি, সেই নামেই এই মূর্তি অনুসরিত এখানে। ছোট্ট একটি পাহাড়ের চূড়ায় শাক্যমুনি বুদ্ধ। এইসব দেখতে দেখতেই আমাদের দুপুর গড়িয়ে গিয়েছিল। ভেবেছিলাম বাইরেই কোথাও মধ্যাহ্নভোজন করব, কিন্তু আজও তা হয়নি বলাই বাহুল্য। হোটেলে ফেরার পথে গিয়েছিলাম আমরা তাওয়াং ক্রাফ্ট সেন্টারে, খুব ভালো লেগেছিল, নানা ধরনের অরুনাচলি হাতের কাজের সংগ্রহশালা এটি। এক মনে বসে মহিলারা বিভিন্ন রকমের হাতের কাজ করে চলেছে। মুখোশ, কার্পেট, গহনা আরো কত কি! কিছু নিদর্শন আমরাও ভরে নিলাম আমাদের ঝুলিতে। হোটেলে ফিরে এসেছিলাম তারপর। আমার শরীরটা এখানে আসা অব্দি ঠিক জুৎ নেই। হাই অলটিটিউড সিকনেস, ওষুধ খেয়ে চলেছি কিন্তু শরীরের অস্বস্তিটা কিছুতেই যাচ্ছে না। তাই দুপুরে না খাওয়াটাকেই সমীচীন মনে করলাম। বাকিরা খেয়ে এলো ডাইনিং হল থেকে। সকালটা রোদ ঝলমলে হলেও বিকেল থেকে শুরু হলো আবার বৃষ্টি। এবার আমরা যাব তাওয়াং ওয়ার্ড মেমোরিয়ালে, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, আমাদের ড্রাইভার ভাই আগে থেকেই টিকিট কেটে রেখেছে। মাথার উপর ঝরে চলেছে অবিশ্রান্ত বৃষ্টি, শো সন্ধে ছটায় শুরু। ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়, কুপনের নম্বার অনুযায়ী ডাক পড়বে দফায় দফায়। ভারতে চায়না আক্রমণের ইতিবৃত্ত কাহিনী আর একবার শুনলাম। 40 মিনিটের শো। একটা কথা বলা হয়নি, সেদিন ছিল রেনু আর তিওয়ারির ৩৯ তম বিবাহ বার্ষিকী, তাই সে রাত ছিল বিশেষ এক রাত, তার সঙ্গে ডিনারের বিশেষ ব্যবস্থা। শুভরাত্রি সবাইকে। 

                              Happy Anniversary Dears
   
Tawang ward Memorial



Comments

Popular posts from this blog

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি