অরুণাচল


 শেষ-বেলায়

আজ সকালটা শুরু হয়েছিল সেই একই ভাবে। বৃষ্টি হয়ে চলেছে তখনো, প্রথম অরুণোদয়ের রাজ্যে বর্ষাও যে প্রথম ঘোষিত হয়! তাড়াতাড়ি প্রাতঃরাশ সেরে নটার মধ্যে হোটেল ছাড়লাম, গন্তব্য আমাদের বমডিলা, ১৭৫ কিলোমিটারের সফর আজ। আজকে আমাদের রাতের আশ্রয় হোটেল গ্র্যান্ড, সেখানে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। নতুন তৈরি হওয়া হোটেল, ঘর আমাদের দোতলায়, খাড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার বন্দোবস্ত। একই ফ্লোরে পাশাপাশি দুটো ঘর। বমডিলা কামেং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। ঝুপ করে সন্ধ্যে নেমে যাওয়ার আগে শহরটাকে দেখার পালা। ওপর থেকেই দেখছিলাম সুন্দরী বমডিলার সাজ। পড়ন্ত বিকেলে মাথায় তার সোনালী আলোর ঝিকিমিকিতে বরফে মোড়া দূরের পাহাড়ের মুকুট, আর পরনে সবুজ মখমলি ঝালরের ঘাগরা। রানী সাজে সেজেছে সে। জানতে মন চাইলো এ কি তার নিত্যকার সাজ নাকি আজ আমার প্রিয়র মন ভোলাতে সে মত্ত! তবে উত্তরটা আমার জানা আছে, আমি যে তার নিত্য ঘড়ায় তোলা জল আর তুমি তো সুদূরের পিয়াসী। কোথাও যাওয়ার দরকার নেই, হোটেলের স্বচ্ছ কাচের জানলা দিয়ে দুচোখ ভ'রে দেখে নিলাম তাকে, এ সুখ আর বেশিক্ষণের নয়। পড়ন্ত বিকেলের আলোয় বমডিলার অপরূপ সৌন্দর্য দেখছি আর ভাবছি আমাদের সোনালী দিনগুলো আজকেই শেষ রজনী। আসার পথেই টুকিটাকি কেনাকাটা করে নিয়েছি আর কোথাও ঘুরে মিছে সময় নষ্ট করবো না। আজ আমাদের শেষ একসঙ্গে বসে জমকালো আড্ডার জন্যও মনটা আকুপাকু করছে। প্রকৃতিকে মন প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা ছিল এ কদিন কিন্তু সে আর হলো কই! কতরূপে দেখেছি হিমালয় কে, পাহাড়ে আমাদের কেটেছে বহু বছর কিন্তু প্রতিবারই মন বলেছে এ রূপ অনন্য, এবারেও তার ব্যতিক্রম হয়নি। 
আমাদের সান্ধ্যকালীন আড্ডার নিয়মে কোনো হের ফের হয়নি। সঙ্গে চা পান। মাঝে এক ফাঁকে গিয়ে নীচের রেস্টুরেন্টে ডিনার করে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বটে কিন্তু গরম গরম খাবার, তার স্বাদই অনন্য। বেশ রাত অব্দি চলেছিল আমাদের আড্ডা। মনটা একটু ভারভার লাগছে। অনেকদিন পরে আমরা চারজনে একসঙ্গে অনেক কটা দিন কাটালাম, কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস সত্যিই রেনুদের সঙ্গে আমাদের এই ন দশটা দিন যেন স্বর্গেই বাস করছিলাম। 
পরদিন সকালটা একইভাবে শুরু হলেও, আজ প্রাতঃভ্রমণে তিওয়ারিজী আর অংশ নেননি, বোধহয় ক্লান্ত ছিলেন, সমরজিত একাই চলে গিয়েছিল। আজ ও লাগামছাড়া, ফেরার কথা বোধহয় ভুলেই গিয়েছিল। ফোন করে ডাকাতে তড়িঘড়ি ফিরলো বেশ দেরিতে। তারপরে আমাদের চা আর সঙ্গে......। এ যাত্রায় আজকেই শেষ, তাই ঘড়ির দিকে কেউই তাকাচ্ছিলাম না কিন্তু ঘড়ির কাঁটা, সে শোনে না কারোর কথা। একসময় জানান দিল এবার ওঠার সময় হয়েছে....... 
এখানে প্রাতঃরাশে স্বল্প আয়োজন, তবে গরম টাটকা খাবারের স্বাদ ভোলার নয়। গাড়িতে জিনিসপত্র ভরে আমরা বেরিয়ে পড়লাম গুহাটির উদ্দেশ্যে। আজ লম্বা সফর, ২৭০ কিলোমিটার পথ পেরোতে হবে। ফেরার রাস্তা একটু ভিন্ন, নতুন গড়ে ওঠা সেলা টানেল হয়ে ফিরেছিলাম আমরা। সেলা পাসের ৪০০ মিটার নীচে এই টানেল।

শীতকালে বরফে রাস্তা আটকে যাতে ব্যাঘাত না ঘটায় তার জন্য এই ব্যবস্থা। এতে দিরাং ও তাওয়াংগের মাঝে ১০ কিলোমিটার রাস্তাও ছেঁটে ফেলা গেছে। টানেলটির দৈর্ঘ্য ১২.৪ কিলোমিটার। রাস্তা তৈরির জন্য মাঝে একটা ডাইভার্শন ছিল, যাওয়ার পথেই পেয়েছিলাম।

পাহাড়ি রাস্তায় ধ্বস নেমে এক জায়গায় সেটা ভেঙে গিয়েছিল, প্রায় ঘন্টা খানেক সময় আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পাহাড়ি রাস্তায় একটানা আট দিন ধরে ঘুরে চলেছি, যাওয়ার সময় প্রাণশক্তিতে ভরপুর ছিলাম আমরা, ফেরার পথে সবাই চুপচাপ, একটু যেন ক্লান্ত। পথের ধারে একটি ছোট্ট হোটেলে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ, তারপর সোজা ভালুকপঙ। আর সেখানেই দৈপ্রাহরিক আহার সারা। সাদামাটা থালি। তিব্বতি রান্নার মসলা সঙ্গে বাঁশের গোড়া, মিশ্র মসলা, সবমিলিয়ে যে গন্ধ সেটা সবার পক্ষে সহ্য করা মুশকিল, রেনুর বেশ অসুবিধাই হচ্ছিল কিন্তু এখানে না খেলে খেতে বড় দেরি হয়ে যাবে। যাইহোক এইবারের মতো পাহাড় তোমাকে বিদায়। সমতলের রাস্তা এবার, গাড়ির গতিবেগও বেড়েছে, ধেয়ে চলেছে সে সবুজের মধ্যিখান দিয়ে। অনাবিল আনন্দের কিছু স্মৃতি আমাদের সঙ্গে নিয়ে চলেছি, সঙ্গে নিয়ে এসেছি এ মরসুমের বৃষ্টিও। পথের মাঝে কিছুক্ষণ চা পান বিরতি নিয়েছিলাম একটি জায়গায়। আসামের একটি জিনিস ভীষণ লক্ষ্যণীয়, যেখানেই গেছি, প্রতিটি জায়গাই অমলিন অসমীয়া ভঙ্গিতে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি। এই জায়গাটিও তার ব্যতিক্রম নয়। আগে তো এমন করে দেখার সুযোগ পাইনি। এখান থেকেও আমরা স্থানীয় কিছু খাবার কিনলাম। আমি চা খেলাম না আমার ভালো লাগছে না কিছু খেতে। সবমিলিয়ে ক্লান্ত সবাই, এমনকি আমাদের ড্রাইভার ভাইও সেই কবে থেকে পথ চলছে, রোজ ছয় সাত ঘন্টা পাহাড়ে গাড়ি চালানো মুখের কথা নয়। আজ আমাদের হোটেলে ছেড়ে দিয়ে সে লোকাল কোথাও অন্য হোটেলে থাকবে, কাল আমাদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে তবে তার ছুটি। যাইহোক যানজট, বৃষ্টির দাপট সব পেরিয়ে আমরা সন্ধ্যা নাগাদ আমাদের সেই পুরনো হোটেলে পৌঁছেছিলাম, এবারেও একই ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল। অবিশ্রান্ত বৃষ্টি গৌহাটিকে ঠান্ডা করে দিয়েছে। রাত্রে খাবার খেয়ে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম হোটেলের বিছানায়। 
পরদিন সকালে আমরা সাড়ে চারটে হোটেল থেকে বেরিয়েছিলাম, সঙ্গে হোটেল থেকে দিয়ে দিয়েছিল প্যাকড ব্রেকফাস্ট। ভোরে উঠে আগে আমরা স্নান সেরেছিলাম, ফোনে জেনেছিলাম রাঁচিতে সেদিনও বীভৎস গরম, বৃষ্টির কোনো চিহ্নই এখনো নেই সেখানে। আমাদের ফ্লাইট এর সময় এক হলেও সব ঠিক থাকলে রেনুরা এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। এ কদিনে আমাদের ড্রাইভার ভাইয়ের মিষ্টি ব্যবহারে আমরা এমন একাত্ম হয়ে গিয়েছিলাম যে তাকে বিদায় জানাতেও মনটা ভারী হয়ে গেল। রেনুদের কথা আর কি বলবো! কতদিন পর আবার চারজনের একাত্ম হওয়া, স্মৃতির খাতায় আবার নতুন এক অধ্যায়ের সংযোজন। এবার ছাড়াছাড়ির পালা, কিন্ত ঘুরেফিরে বারেবার ওদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে, ছাড়তে যেন মন চায় না। তবে একসময় এল যখন সত্যিই ওরা আলাদা হয়ে চলে গেল উপরে, আমরা নীচে বসেই রইলাম। বন্ধু বিচ্ছেদের কষ্ট কম না। 
নির্দিষ্ট সময়ে ইন্ডিগো ফ্লাইট ছাড়লো, কলকাতায় পৌঁছেও দিল নির্দিষ্ট সময়ে। আমাদের হাতে সময় কম তাই দৌড়োদৌড়ি করে ঠিকঠাকই বোর্ড করেছিলাম। কিন্তু ফ্লাইট এর মধ্যে বসেছিলাম প্রায় এক ঘন্টা। উড়ান ছাড়তে দেরি হয়েছিল বৃষ্টির জন্য। সেদিন ছিল কেবিন্সক্রু ডে, তাই পাইলট এবং বিমান সেবিকারা আলাপ করলেন যাত্রীদের সঙ্গে নিজেরাই। যথারীতি রাঁচি পৌঁছতে দেরি হল, ভেবেছিলাম বাড়ি গিয়ে লাঞ্চ করব কিন্তু সে আর হয়নি। বাইরে খেয়ে ঘরে ঢুকেছিলাম আমাদের শূন্য নীড়ে, আজ ডোরু নেই। 




Comments

Popular posts from this blog

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি