চলুন যাই ঘুরে আসি
তৃতীয় অধ্যায়
ইউরোপের পাতা থেকে
প্যারিস
শহর দর্শন
আজ ৩রা ফেব্রুয়ারি, হঠাৎ ঘুম ভাঙলো ঘড়ি দেখে, কি সব্বোনাশ! সাড়ে নটা বেজে গেছে! তারপরই মনে পড়ে গেল আমি এখন ভারত ছেড়ে বহুদূরে, প্রায় ৬৫৯০ কিমি দূরে, সাড়ে চার ঘন্টা পিছিয়ে, শুয়ে আছি প্যারিসে। না ঘড়িটা আজকে ঠিক করতেই হবে। না হলে বড় অস্বস্তি হচ্ছে। ইতিমধ্যেই সমরজিৎ উঠে পড়েছে। ভারতীয় সময়ে ওর অফিস শুরু হয়ে গেছে, তাদের সঙ্গেই চলছে বার্তালাপ। এরপর শুরু হল মেয়েদের সঙ্গে আড্ডা, হাতে অনেকটা সময়, সাত তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে ভালোই হয়েছে। একজন কাজ থেকে ফিরছে আর একজন কাজে বেরোবে আর বিকেলে চলে আসবে ট্রেন ধরে মার্সেই থেকে প্যারিস - তারই প্রস্তুতি।
এরপর আমাদের তৈরী হওয়ার পালা। মেয়ে আজ আমাদের হপ অন্ হপ অফ্ ট্যুট বাসে টিকিট কেটে রেখেছে। অন্য সময়ের খাওয়ার না পাওয়া গেলেও নীচের হোটেল রেস্টুরেন্টে মাথাপিছু ১০ ইউরোর বিনিময়ে ব্রেকফাস্ট পাওয়া যায় - কাল এমনই জানিয়েছিল হোটেলের সেই ফ্রন্ট অফিস ম্যানেজার ছেলেটি। সুন্দর ক'রে সাজানো ছোট্ট ব্রেকফাস্ট কাউন্টার, আমরা দু'একজন ছাড়া কাস্টমারও বেশি দেখলাম না, নানান ধরণের বিস্কিট, চকোলেট, কেক, ব্রেড, ক্রোসা, ডিমের অমলেট, স্ক্রেম্বেল, সেদ্ধ, ঠান্ডা গরম বিভিন্ন ধরনের পানীয়, সসেজ, সালামী, চা- কফির রকমারি - আরো কত কি! দায়িত্বরতা ফ্রেঞ্চ তরুণীর অতি যত্নে, আন্তরিকতায় এবং তৎপর সেবায় সেদিন আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। একেবারে তৈরি হয়েই নীচে নেমেছিলাম এখান থেকেই বেরিয়ে যাবো আজকের সফরে। হোটেলের লাউঞ্জে এসে বসলাম, অপূর্ব সুন্দর করে সাজানো এই লাউঞ্জ, তবে কাল রাতের সজ্জা যেন অন্য রকম ছিল। পরে বুঝেছিলাম এটাই ফ্রেঞ্চ কালচার, তারা এতটাই সৌখীন যে সর্ব ক্ষেত্রে তাদের সিগনেচার স্টাইল এক বিশেষ মাত্রা রাখে, তাই বাকি দিনগুলিতে হোটেলের বিভিন্ন কোণকে নিত্য নতুন আঙ্গিকে সেজে উঠতে দেখেছি। সকালের আলোয় হোটেল রয়্যাল কে সত্যিই রয়্যাল মনে হচ্ছিল।
হোটেল়ে রয়্যাল লাউঞ্জতবে বাইরে আকাশের মুখ ভার, এক্ষুনি বুঝি বা বৃষ্টি নামবে। বাইরে অসম্ভব ঠান্ডা। এ সময়ে এখানে নাকি এমনি থাকে। হোটেলে রিসেপশনের সেই ছেলেটি, বেরোবার সময় একটি ছাতা দিয়ে দিল। এক বিদেশীর কাছ থেকে এমন স্নেহ, মনটা কেমন ক'রে উঠল, ঈশ্বরের কি অপার করুণা! সেই সন্ধান দিয়েছিল পাশেই 'লিড্ল' (একটি জার্মান বিশ্বমানিক পাইকারি গ্রসারি স্টোর), সেখান থেকে টুকটাক কিছু খাবার জিনিস যেন কিনে রাখি নিজেদের কাছে। তার কথামতোই সমরজিৎ গিয়ে কিছু বিস্কিট আর নানা ধরনের চিপ্স কিনে নিয়ে আসলো, বুঝলাম রাতে মেয়ে আসবে, তারি প্রস্তুতি, বাবা তো! ওর ভালো লাগবে। যাই হোক মার্সেই তে বসেই মেয়ে উবার বুক করে দিল। আমরাই হয়তো পারতাম, কিন্তু মেয়ে বোধহয় ঠিক ভরসা করতে পারছিল না। আমাদের গন্তব্য হপ অন্ হপ অফ্ বাসের আমাদের নিকটবর্তী স্টপেজ - ২০১৯ সালের বিধ্বংসী আগুনে ক্ষতি হয়ে যাওয়া 'নত্রে দাম ক্যাথেড্রাল'। জানি তখনও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু এইখান থেকেই শুরু হবে আজকে আমাদের প্যারিস দর্শন।
লোহার খাঁচায় বন্দী বিশালায়তন এই নত্রে দাম ক্যাথিড্রাল, তবে শীঘ্রই নতুন করে সেজে ওঠার অঙ্গীকার নিয়ে অপেক্ষমান তা বলা বাহুল্য। সামনে কিছু ফটো তুলে মেঘলা আকাশকে সাক্ষী করে উল্টো দিকের ফুটপাতে সহজেই পেয়ে গেলাম ট্যুট বাসের লাল জ্যাকেট পরিহিত কর্মীকে। ইংরেজি ও দেহের নানা রকম অঙ্গভঙ্গি এবং অবশ্যই টিকিট দেখিয়ে তাঁকে নিমেষে বুঝিয়ে দিলাম আমরা আজ তাদের বাসের সারা দিনের সওয়ারি। কেন জানিনা ভদ্রলোক প্রথমটা একটু উদাসীন ছিলেন, তবে কিছুক্ষণ পরেই কি মনে করে, সেই তিনিই কোথায় exactly দাঁড়াতে হবে সেই স্থান বলে দিলেন। বাসের জন্য অপেক্ষা করতে করতেই চোখে পড়লো ঠিক আমাদের কলকাতার নিউমার্কেটের সামনে গড়ে ওঠা বিভিন্ন রকমের দোকান নানা ধরনের পসরা সাজিয়ে বসেছে।
সেইন নদীর বুকে গড়ে ওঠা ফ্রান্সের রাজধানী, প্যারিস শহর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বংসী লীলাকেও হার মানিয়ে অক্ষত শরীরে দাঁড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে। সেই প্রাচীন সভ্যতার, সেই প্রাচীন স্থাপত্যের, নিদর্শন বহন করা অধুনা এই প্যারিস, আজও সে অম্লান। সারাটা দিন আমাদের মুগ্ধ দু জোড়া চোখে চেয়ে চেয়ে দেখেছি সেদিনের সেই স্থাপত্য, পরম যত্নে আজও নিপুণভাবে রক্ষিত হয়েছে। শহরটাকে দেখতে দেখতে মিল পাচ্ছিলাম আমাদের পুরনো কলকাতার পার্ক স্ট্রিট পাড়ার সঙ্গে, বুঝতে অসুবিধে হলো না, পুরনো সাহেবি কলকাতার স্থাপত্যের রূপকার কোনো ফ্রেঞ্চ স্থপতি। মিল পাচ্ছিলাম আমাদের পন্ডিচেরি ও চন্ডিগড়ের সঙ্গেও।
Road side
Pont neuf
সারাদিনের ঘোরাঘুরিতে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সেদিনের রিভার ক্রুজ বাতিল করাই সমীচীন ঠাওরালাম। যদিও ট্রেনে বসে বসেই মেয়ে নির্দেশ দিচ্ছিল আমরা যেন ঐ ক্রুজ নিজেরাই করে নিই, কিন্তু ওকে ছেড়ে যেতে মন সায় দেয়নি। ততক্ষণে আমি ঠান্ডায় জবুথবু, ও আসতেই ওর পছন্দমত অর্ডার করলো দু ধরনের পিৎজ্জা। আমরা সচরাচর যেরকম পিৎজ্জা খেয়ে থাকি আমাদের দেশে, এটি সেরকম নয়। তবে এরপরে বহুবার আমরা ইউরোপের নানা জায়গায় এইরকম পিৎজ্জা খেয়েছি যার স্বাদ এখনো মুখে লেগে আছে। প্রায় দশটা নাগাদ আমাদের নৈশ ভোজ শেষ করে উবার বুক করে ফিরে এলাম হোটেলে। হোটেল সম্বন্ধে মেয়ের প্রশ্ন ছিল প্রচুর, কেননা পছন্দ করে হোটেল বুক করেছে সে একাই। সন্দেহ ছিল পছন্দ সঠিক কিনা বারবার আমাদের জিজ্ঞাসা করেছে কিন্তু এতক্ষণে নিজের চোখে দেখে বোধ করি শান্ত হল ওর মন।

















Comments
Post a Comment