চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে
পঞ্চম পর্ব
বাই বাই প্যারিস
আমাদের দেহের মধ্যে যে ঘড়িটা আছে তা এতটাই নিক্তি মেপে চলে যে ঠিক রাত আটটা নটা বাজলেই আজকাল ঘুমে চোখ ঢুলে আসছে। আবার ভোর হতে না হতেই ঘুম ভেঙ্গে যাচ্ছে। আসলে সে নিজেকে এখনো ইউরোপের সময়ের সঙ্গে একাত্ম করতে পারেনি। তাই কাল রাতে নটা নাগাদ হোটেলে ফিরলেও কোন রকমে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল, - এত ঘুম পেয়েছিল আমাদের। তিন্নী অবশ্য জেগে ছিল, কত রাত পর্যন্ত কে জানে! আজ আবার যে কে সেই, ভোর না হতেই ঘুম ভেঙ্গে গেল, ভোর পাঁচটা পর্যন্ত উসখুস করে সাড়ে পাঁচটায় সটান উঠে বসলাম। আজ রবিবার, আর একবেলা আমাদের প্যারিসে থাকার মেয়াদ, তারপরই চলে যাব মারসেই, আমার মেয়ের কাজের শহর।
প্যারিসের হোটেলের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে যখন পরিক্রমা শেষে হোটেলে ফিরেছি দেখেছি সুগন্ধি বাথরুম, টানটান সাদা মখমলের মত বিছানা, ঘরেও থাকত অদ্ভুত এক মিষ্টি গন্ধ, ছোটখাটো সজ্জা পরিবর্তন ঘরেও হতো, তবে বাইরের তুলনায় তা তুচ্ছ বটে, খুব নজর করে না দেখলে বোঝার উপায় নেই, এমনকি আমাদের ছড়ানো ছিটানো জিনিসপত্র জুতো পর্যন্ত গুছিয়ে রাখা থাকতো। ভালোলাগার এই পরশটুকু সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে। তবে প্যারিস আমাদের ভালো লেগেছে এ যেমন সত্যি তেমনি মারসেই যাওয়ার তাগিদও বড় কম নয়। আমাদের সেই ছোট্ট মেয়ে আজ সুন্দর করে, নিজের মতো করে একা একা বিদেশে সংসার করছে! এই তো সেদিনের কথা যখন আমার শাড়ি র আঁচল কেটে নিয়ে সাইন্সের প্রজেক্ট বানাতো, সেও আবার আমারই ক্লাসের জন্য। বা আমাদের জন্মদিন গুলোয় কাগজ কেটে সুন্দর সুন্দর জামা বানিয়ে, ঘর থেকে ছুট্টে এসে জড়িয়ে ধরে হামি খেয়ে বলতো 'আমি যখন বড় হবো তখন আমি তোমাদের আসল জামা কিনে দেবো'। কবে তুই এত বড় হয়ে গেলিরে মা!
আমাদের নিত্যনৈমিত্তিক ভোরবেলার কাজ শুরু হল তিতলির সঙ্গে ফোনে গল্প ক'রে। ও আমাদের বেড়ানোর গল্প শুনছিল। সত্যি কথা বলতে কি ওকেও খুব মিস করেছি কাল, তবে আমরা পিছুটান করতে ভালবাসি না, ওরা সুন্দর করে থাকুক, সুন্দর করে কাজ করুক, বিশ্বের কল্যাণ হোক ওদের হাত ধ'রে, এটাই তো চাই বাবা-মা হিসেবে।
আজ সন্ধ্যেবেলা আমাদের মার্সেই এর ট্রেন, তবে দিনের বেলার তেমন কোনো পরিকল্পনা বোধহয় এখনো কিছু তৈরি হয়নি। ঘন্টাখানেক বাদে তিন্নী উঠে বলল জলখাবার খেয়ে আমরা যাব স্টেশনের ভল্টে আমাদের লাগেজ রাখতে। কেননা হোটেলের চেক আউট আজ সকাল দশটায়। সেখানে লাগেজ রেখে আবার আমরা ফিরে আসবো সেইন নদীর ধারে, এসে রিভার ক্রুজ নেওয়া হবে, সবাই এ প্রস্তাবে রাজি হলে, ও অনলাইনে ক্রুজের টিকিট কাটবে। যেমন ভাবা তেমন কাজ, বিদ্যুৎ বেগে সারাদিনের মত প্রস্তুত হয়ে ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে নেমে এলাম নিচে ব্রেকফাস্ট কাউন্টারে। আজও বেশ ভিড় তার কারণ আজ রবিবার। তবে শব্দ বিহীন পরিবেশ। নতুন কিছু ফ্রেঞ্চ খাবারের সাথে আজও পরিচয় ঘটলো ব্রেকফাস্ট টেবিলেই।
আজ রিসেপশন কাউন্টারে অন্য লোক। সমস্ত রকম ফরমালিটি সমাপনের পর বিদায়ের পালা,
আমাদের গন্তব্য আপাতত রেলওয়ে স্টেশন। স্টেশনে পৌঁছে আমি বসলাম একটা জায়গায়, মেয়ে আর বাবা গেল মাল রাখতে। প্রায় আধঘন্টা মত সময় লাগলো কাজ সারতে তারপরে সেখান থেকে সোজা আইফেল টাওয়ারের পাদদেশে 'পোর্ট দি লা বোডনেস'।
এখান থেকেই শুরু হবে নৌকা বিহার। ঠিক বোঝা যাচ্ছিল না কোন জায়গায় গেলে আমাদের বুকিং এর নৌকা পাওয়া যাবে। কিন্তু টিকিট দেখাতেই হাতের ইশারায় অন্য কোম্পানির লোক বলে দিলেন কোথায় যেতে হবে। তাকিয়ে দেখলাম লঞ্চ রেডি, বোর্ডিং চলছে। আমার বরাবরই জলযানে চড়ায় খুব ভয়, সর্বক্ষেত্রে চড়ার অভিজ্ঞতাও খুব সুখকর নয়, কিন্তু এই লঞ্চে চড়াটা বেশ সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়।সোনালী রোদের ছোঁওয়া আর ঠান্ডা হিমেল হওয়ার ঝাপটায় ভাসতে ভাসতে একটি ঘন্টা কখন যে কেটে গেছে তা খেয়াল করিনি। নামার সময় এসে গেল, জানান দিলো হেডফোন। নেমে পড়লাম আমরা সেই একই জায়গায় যেখান থেকে চড়েছিলাম। পরবর্তী নৌকা বিহারের যাত্রীরা অন্য একটি লাইনে অপেক্ষমান।আমাদের লাইন ভিন্ন। পোর্টের বাইরে বেরিয়ে এলাম, একটি নতুন ফ্রেঞ্চ খাবার 'ক্রেপ' খাওয়ার কথা আজ। সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠে এলাম আমরা,গুছিয়ে বসলাম রাস্তার ধারে, তিন্নী আর ওর বাবা গেল আনতে সে খাবার। ঝড়ের মতো বাতাস যেন বিঁদছে সারা গায়ে কিন্তু তেমনি সুন্দর মিষ্টি রোদ বুলিয়ে দিচ্ছে তার পেলব স্নেহের পরশ। এলো নাটেলা ক্রেপ, অনেকটা আমাদের গোলা রুটি ধাঁচের আর সঙ্গে গরমা গরম কফি। আইফেল টাওয়ারের ধারে বসে এরকম রোদ ঝলমলে ছুটির দিনে ক্রেপ খাওয়া নাকি এখানকার ছুটির দিনের এক বিলাসবহুল অ্যাক্টিভিটি। আমাদের মত অনেকেই এই একই কাজ করছে। ভাবতে অবাক লাগে কত রকম ভাবে মানুষ আনন্দকে উপভোগ করে। আইফেল টাওয়ারকে ঘিরে বিভিন্ন দিকে মাঝে মাঝেই আমরা জায়গা পরিবর্তন করে অনেকটা সময় কাটালাম। সময় এগোতে লাগল, ভিড়ও বাড়তে লাগলো আর হাওয়ার গতিবেগও। প্রায় প্রতিটি মানুষের সঙ্গেই রয়েছে তার সঙ্গী পোষ্য, ডোরুর কথা বড্ড মনে পড়ছে। এখানে হকারের ভিড়ও চোখে পড়ল ছোটখাটো কতরকম গিফট বিক্রি করছেন। কত দূর দূর থেকে মানুষ এসে বিলাসবহুল এই শহরটার বাসিন্দা আজ। এবার আমাদের প্যারিস ছাড়ার সময় এগিয়ে এলো উবার বুক করে চলে যেতে হবে স্টেশনে।আমাদের গন্তব্য প্যারিসের 'গারে দি লিঅঁ স্টেশন'। সেখান থেকে বিকেল পাঁচটায় আমাদের ট্রেন। এখানকার বিলাসবহুল হাই স্পিড ট্রেন একে বলে tgv ট্রেন। মোটামুটি এই ট্রেনের স্পিড ঘন্টায় ৩২০ কিলোমিটার।
বেশ খানিকটা সময় হাতে নিয়েই আমরা আইফেল টাওয়ার থেকে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম কিন্তু গোল বাধলো যখন স্টেশনের কাছে পৌঁছালাম। একটা অপরিচিত জায়গায় উবার নামিয়ে দিল। এটাই নাকি স্টেশনে ঢোকার পথ। কিন্তু দেখে মনে হল মাঝ রাস্তা, আসলে ঢোকার পথটি ওপরে। কিন্তু মুশকিলটা হলো এস্কেলেটার বা লিফ্ট কোনটাই কাজ করছে না, কোনো যান্ত্রিক গোলোযোগ হয়েছে। তাই বুঝতে পারছিলাম না কিভাবে স্টেশনের মধ্যে ঢুকবো। লোককে জিজ্ঞাসা করে জানা গেল উপায় নেই হেঁটেই চড়তে হবে ওপরে। ভাগ্যিস মালগুলো আগেই পৌঁছে দেওয়া গিয়েছিল! স্টেশনে ঢুকতে কষ্ট হলেও অসুবিধে নেই তা বুঝতে পারলাম। হাতে সময়ও আছে। নির্দেশিত পথে আমরা এগিয়ে চললাম আর হঠাৎই স্টেশনের মধ্যে ঢুকেও পড়লাম। তবে স্টেশনে ঢুকে আর বেশি হাঁটতে হলো না, সামনেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের ট্রেনটি ছাড়বে।
আমরা ফোন চার্জিং স্টেশন দেখে বসলাম একটি জায়গায়। সবকটা ফোন চার্জ করা আসু প্রয়োজন। অজস্র ছবি তুলে ফোনের চার্জের দফা রফা হয়ে গেছে সবারি। ওরা গেল ভল্ট থেকে লাগেজ আনতে। প্ল্যাটফর্মে ট্রেন দিতে এখনো অনেকটা সময়। তিন্নী ঘোষণা করলেন আমাদের টিকিট নাকি ফার্স্ট ক্লাসে। এত খরচের কারণ জানতে চাওয়ায় বললে তার নাকি বহুদিনের স্বপ্ন আমাদের নিয়ে এই টিগিভি ট্রেনের ফার্স্ট ক্লাসে চড়ার। যাই হোক বসে বসে গল্প করে সময় কাটলো। যথা সময় ট্রেনও এসে পৌঁছল আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে। দোতলা ট্রেন। ফার্স্ট ক্লাসের সিট গুলো অনেক বেশি চওড়া আর স্বাচ্ছন্দ্যময়। সিটকে হেলানো যায় অনেকটা, লেগ স্পেস সামনে প্রচুর। সামনেই ফোল্ডিং টেবিল, কাজও করা যায় আবার খাবারও খাওয়া যায়। মালপত্র নিচে রেখে আমরা উপরে চলে এলাম নির্দিষ্ট জায়গায়। এটা সাইলেন্ট জোন, এখানে বেশি কথা বলা যাবে না। কিন্তু এখানে বড় একটা ভুল করেছি আমরা সবাই, ট্রেনে উঠে এতটাই মগ্ন হয়ে গেছি যে ট্রেনের ভেতরে বসে ছবি তোলা আর হয়ে ওঠেনি, মনের মধ্যে ভীষণ এক উত্তেজনা মারসেই যাওয়ার। ভারতে বসে ফোনে যখন কথা বলি প্রতিদিনই দেখি মেয়ের সাজানো সংসার। ওর ঘরের চিত্র আমাদের কন্ঠস্থ, কিন্তু সে তো ছবি। এমনকি যখন স্টুডিও বুক করেছিল তখনো ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখিয়েছিল। কিন্তু দুধের স্বাদ ঘোলে কি আর মেটে! যাইহোক শরীরে অসম্ভব ক্লান্তি সেটা বুঝতে পারলাম ট্রেনে উঠে, নিশ্চিন্তে ঘুমিয়ে নিলাম তিন ঘন্টা। অত্যাধুনিক কৌশলে দৌড়ায় এই হাই স্পিড ট্রেনগুলো, প্যারিস থেকে মারসেই যেতে সময় নিল সোয়া তিন ঘন্টা। ঘুমের ঘোর না কাটতেই রাত সোয়া আটটা নাগাদ ট্রেন ঢুকে পড়ল মার্সেই সেন্ট চার্লস স্টেশনে। পরে জেনেছিলাম এটি একাধারে রেলস্টেশন এবং অপর পাশেই বাস স্টেশন। লট বহর নিয়ে স্টেশন থেকে বেরিয়ে সামনেই পেয়ে গেলাম উবার, এক্কেবারে সোজা মেয়ের বাড়ি। রাতে দেখা মারসেই শহরটা প্যারিসের থেকে কিন্তু অনেকটাই আলাদা, অনেকটা সেই পুরনো কলকাতার ভবানীপুর পাড়ার মতো মনে হলো। স্টেশন থেকে বাড়ি আসতে কুড়ি পঁচিশ মিনিট মতো সময় নিল। ক্যাব থামলো উঁচু এক ফ্ল্যাট বাড়ির সামনে, রাস্তার সামনেই আর্চ করা একটা পুরনো দিনের ব্রিজ চোখে পড়ল, যাক এটাই ওর বাড়ির একটা নিশান হতে পারে। একটু উঁচু পথ বেয়ে বাড়ির সামনে আসতেই, বাড়ির মেইনগেট খোলার পদ্ধতি দেখে নিলাম। সঠিক নাম্বার টিপলে তবেই খুলবে মেনগেট। মেন গেট দিয়ে ঢুকে সোজা লম্বা করিডোর বেয়ে চললাম ওর পেছন পেছন। করিডোরের প্রতিটি লাইট সেন্সর লাগানো সামনে এগোচ্ছি যখন লাইট জ্বলছে, আমাদের রাস্তা পার করে দিয়েই বুজে যাচ্ছে সেই লাইট। প্যারিসের হোটেলেও এই সেন্সর লাইট দেখেছি। লিফটে চড়ে চলে এলাম পাঁচ তলায়। এক্কেবারে কোণে ওর ছোট্ট স্টুডিও। অ্যাপার্টমেন্ট চাবি খোলার সিস্টেমও বেশ অন্যরকম। এটাও শিখিয়ে নিতে হলো কারণ পরের দিন ঘুম থেকে উঠেই ও কাজে বেরিয়ে যাবে আমরা একা থাকবো। ঢুকেই সামনে একটা ছোট্ট লবি একপাশে ক্লজেট, ছোট হলেও প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম এখানে রেডি। জামা কাপড়, ব্যাগ, জিনিসপত্র কিনে বয়ে আনার ট্রলি, জুতোর রেক সব। এরই একপাশে ভেতরের ঘরে যাওয়ার দরজা আর একপাশে বাথরুমে ঢোকার দরজা। দরজা খুলে ঢুকলাম ঘরে, মস্ত একটা লম্বাটে ঘর এক দিকে শোয়ার ব্যবস্থা অন্যদিকে বসার এবং পড়ার তারি ডান পাশে ব্রেকফাস্ট কাউন্টার দিয়ে আলাদা করা লম্বাটে একটা রান্না ঘর।
আজ যেহেতু আমরা সবাই ক্লান্ত আর কাল সকাল হলেই ওকে বেরিয়ে যেতে হবে কাজে, তাই ধড়া চুড়ো ছেড়ে লেগে পড়লাম খাবারের ব্যবস্থাপনায়। শুক্রবার আমাদের কাছে যাবার আগেই রান্না করে গিয়েছিল, শুকনো শুকনো আলুর দম, চানা মাসালা আর তার সঙ্গে এখানকার রুটি যাকে তটিয়া বলে। একপ্রস্ত আড্ডা মারতে মারতে রাতের খাবার শেষ করলাম। হাত চেটে খেলাম সবাই। রান্নার হাতখানা চমৎকার। জায়গা ছোট বলে প্রথম থেকেই ও একটু ইতস্তত করছিল, এই বাড়িতেই থাকব না এয়ার বি এন বি ভাড়া করা হবে। কিন্তু আমাদের ঘোর আপত্তি জেনে আর বেশি জেদ করেনি। কোন এয়ার বিএনবিতে পেতাম এমন হাতের রান্না? মেয়ের হাতে পাতা এমন টানটান বিছানা? তবে আর বেশি রাত করলাম না। সোফা কাম বেডে আমাদের ঢালাও বিছানায় গা এলিয়ে দিলাম, ইন্ডিয়ায় এখন নিশুতি রাত।













Comments
Post a Comment