চলুন যাই ঘুরে আসি


ইউরোপের পাতা থেকে 

(ষষ্ঠ পর্ব)

 মার্সেই


মার্সেই শহরটি দক্ষিণ ফ্রান্সের একটি বন্দর শহর। ইতিহাস বলে খ্রীষ্টপূর্ব প্রায় ৬০০ বছর আগে থেকেই বিভিন্ন বাণিজ্যিক পণ্য আমদানি এবং রপ্তানির চলন ছিল এই শহরে। বর্তমানে এটি ফ্রান্সের সবথেকে বড় বন্দর, এবং ফ্রান্সের দ্বিতীয় জনবহুল শহর। ভূমধ্যসাগরের গাল্ফ অফ লিও তীরে অবস্থিত এই শহরেই রোন নদী মিশেছে সাগরের জলে। এখানে জেনে রাখা ভালো মারসেই হল ফ্রান্সের বহু পুরনো শহর গুলির মধ্যে অন্যতম এমন কি ইউরোপেরও। মারসেই ইউরোপের সপ্তম বৃহত্তম বন্দর শহর তবে প্যারিসের তুলনায় মারসেইয়ে খরচ তুলনামূলকভাবে কম এবং অধিবাসীরা অনেকটাই ঢিলে ঢালা, বোহেমিয়ান ধরনের।


একটা পরম নিশ্চিন্তের ঘুম ভাঙলো, কিন্তু সেই কাক ডাকা ভোরে। আজকে যেহেতু সোমবার সমরজিতের অফিসের ফোন ভাঙিয়ে দিয়েছে ঘুম। নিয়ম মত প্রাতঃকালীন কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। শিখে নিলাম ইলেকট্রিক হব ব্যবহারের পদ্ধতি, হাত পাকালাম চা বানিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন প্রয়োজনীয় গ্রসারি, সবজি-পাতি, ফল ইত্যাদি অনলাইনে অর্ডার করা হয়ে গেছে, ডেলিভারিও পেয়ে গেছি। চা আর ক্রোসা দিয়ে শুরু হল আমাদের প্রাাতঃরাশ। তিন্নী ব্রেকফাস্ট খেয়ে লাঞ্চ আর সান্ধ্যকালীন স্নাক্স কিছু প্যাক করে নিয়ে যায় ল্যাবে। তাই লেগে পড়লাম লাঞ্চ বানানোয়। মেয়ে নিশ্চিন্ত,  মা আছে যখন লাঞ্চ আর ওকে বানাতে হবে না। মনে পড়ে গেল ওদের ছোটবেলার সেই স্কুলের দিনগুলোর কথা। তফাৎ একটাই এখানে ও একাই বেরোবে আমরা বাড়িতে থাকব। ভাত বানানোর ব্যবস্থাটিও ভারী অভিনব। প্যাকেট সমেত চাল, গরম জলে দিয়ে দিতে হয় ১০-১৫ মিনিট বাদে সেই প্যাকেট ফুলে ঢোল হয়ে গিয়ে ভাত রেডি হয়ে যায়। ব্যাস প্যাকেট কাটো আর খাও। কাজের দিন গুলোয় সিম্পল লাঞ্চ, ভাত-ডাল-সবজি আর বিকেলের জন্য কিছু ড্রাই ফ্রুটস। ওর ল্যাব বাড়ি থেকে ১৫-২০ মিনিট হাঁটা পথ। বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যে।

 


আমরা আজ আর কোথাও বেরোবো না এমনটাই ঠিক আছে, তবে সমরজিৎ কে বিশ্বাস নেই, একটু বেলা হলেই হয়ত .....। আমার ভাবনাটা যে খুব একটা মিথ্যে নয় তার প্রমাণ পেলাম ঠিক স্নানের পরেই। সেজেগুজে বেরিয়ে গেল। আমিও পরিপাটি হয়ে লেগে পড়লাম ঘরের কিছু টুকটাক কাজে।


এই দফায় খুব একটা ঘোরাঘুরি করার প্ল্যান আমাদের নেই।

ওই পায়ে পায়ে এদিক ওদিক আর কি! স্বচ্ছ জানলাটার ওপার দিয়ে তাকালেই বেশ অনেকটা সময় কেটে যায়। দূরের একগুচ্ছ একই জ্যামিতিক কায়দায় তৈরি সুউচ্চ এবং সুবিশাল বাড়িগুলোকে দেখে মনে হয় স্কেল পেন্সিল দিয়ে মেপে আঁকা ছবি। প্রত্যেকটি একই রকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এমনকি দেওয়ালের রং, গ্রিলের ডিডিজাইন - সব এক। সামনের ওই বিশাল গাছগুলো তারাও যেন বেড়ে উঠেছে একে অপরের সঙ্গে সাজুজ্য রেখে। ভারি মজার। দিনের বেলার নিষ্প্রাণ এই বাড়িগুলোই সন্ধ্যের পর যখন আলো জ্বলে ওঠে তখনি এই মৃত্যুপুরী জেগে ওঠে সোনার কাঠির ছোঁয়ায়। পাশেই একটা সবুজ মখমলের মতো লন, লন না বলে একে পার্ক বলাই বোধহয় ভালো। আর তার পাশে ওই দোতলা পার্কিং, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। সব আছে কিন্তু কোনো শব্দ নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুতে ইচ্ছা করে বা ভারতের সঙ্গে যোগাযোগ করার এটাই সঠিক সময়। দেশে এখন সন্ধ্যা, আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলার এটাই ভালো সময়। দেখতে দেখতে ঝপাং করে আলো ফুরিয়ে আসে, তারপরেই অপেক্ষা মেয়ের ফেরার। আমরা দুজনে মিলে সন্ধ্যা হওয়ার আগেই রাতের খাবারটা বানিয়ে রাখতাম। ছোটবেলায় ওর বাবা যেমন হাতে করে কিছু নিয়ে ফিরতো ওদের জন্য সেই ধারাই বজায় রেখেছে মেয়েও, প্রতিদিনই কিছু না কিছু খাবার জিনিস নিয়ে আসত। তারপরই শুরু হতো সান্ধ্যকালীন আড্ডা, শেষ হতো রাতের ডিনারে। তবে শেষই বা বলি কেমন করে ডিনারের পরও চলত এক প্রস্থ আড্ডা। এই করে কোথা দিয়ে যে ছটা সোনালী ফ্রেমে মোড়া রঙিন দিন কেটে গিয়েছিল টেরই পাইনি। দুদিন রেস্ট নেওয়ার পর আমরা দুজনে গিয়েছিলাম ভিউ পোর্টে। ধীরে ধীরে ক্লান্তি কাটছে ঘুমের সময়ও সেট হচ্ছে।



ভিউ পোর্ট অর্থাত ওল্ড পোর্ট, মার্সেই এর সবথেকে পুরনো বন্দর। অপূর্ব সুন্দর এই পোর্ট। চারিদিকে প্রচুর হোটেল, ওয়াটার ফ্রন্ট ক্যাফে, সীফুড রেস্তোরাঁ দিয়ে সাজানো এই পোর্ট। এখানে নাকি বিভিন্ন ধরনের মাছের বাজার রয়েছে যেখানে মেলে রকমারি মাছ, তবে অবশ্যই তা সামুদ্রিক। এই মাছ রান্না করার পদ্ধতি আমাদের জানা নেই তাই মাছের বাজারে যাওয়ার খুব একটা উৎসাহ আমাদের ছিল না। সামনেই আদিগন্ত ভূমধ্যসাগর। বন্দর শহরের রাশি রাশি ছোট-বড়-মাঝারি লঞ্চ, স্টিমার, নৌকো, কেউ বন্দরে আটকানো লোহার শিকলে, কেউ বা ভেসে চলে যাচ্ছে দূরে, বহু দূরে, কোনোটা বা দূর থেকে ভেসে আসছে এদিকেই। আসমানী নীল জলের ওপর সাঁতরে বেড়াচ্ছে মেঘ রঙা সীগাল। ঝকঝকে এক মাথা আকাশ আর সামনে একরাশ চিকচিকে জলরাশি, তারি মাঝে অপারনিস্তব্ধতা। মাঝে মাঝে ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটায় এলোমেলো করে দিচ্ছে আমাদের চুলগুলো, তবে পরক্ষণেই পেলব রোদের স্পর্শ যেন স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে সারা গায়ে। কতক্ষণ সময় কেটে গেছে এই আনাগোনা দেখতে দেখতে তা বলা মুশকিল তবে বিদেশের মাটিতে সেদিন দুই বিদেশি ভালোলাগার এই স্পর্শখানা লুটেপুটে উপভোগ করেছে তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। কখনো নিস্তব্ধতা ভঙ্গ করছে সীগালের কর্কশ ডাক কখনো বা নজর কেড়েছে ছোট্ট বাচ্চাটা বাবার হাত ধরে দূরের ওই বোতলের ছিপিখানা টেনে আনার ব্যর্থ প্রচেষ্টা। খবর নিয়ে জেনেছিলাম এখান থেকে কিছু ক্রুজও ছাড়ে তবে আজ সপ্তাহের মাঝামাঝি বলে টুরিস্ট মোটের উপর নেই বললেই চলে। কিছু পোষ্য আর দু একটা বাচ্চা ছাড়া বিশেষ কাউকেই বড় একটা চোখে পড়েনি। 


আমরা এখানে পৌঁছেছিলাম বেলা দশটা নাগাদ, এখন ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই এবারে উঠতে হবে। এরই কাছে আছে ওল্ড পোর্ট সেন্ট জিন আর আছে সেন্ট লরেন চার্চ।

সেই চার্চের মধ্যেও ঢুকেছিলাম আমরা। চার্চ থেকে বেরিয়ে দূর থেকে একবার দেখে নিলাম শেষবারের মতো ভিউ পোর্ট। চোখ যেন সরতেই চাইছে না। মাথার উপরে সাদা মেঘের ভেলা যেমন ভেসে চলেছে নীল আকাশের বুকে আর ঠিক তেমনি খেলে বেড়াচ্ছে রকমারি নৌকা, লঞ্চ, মাছ ধরার ট্রেলার আকাশ রঙা জলের উপর। এই বুঝি বা মিলে যায় একে অপরের সাথে। আশেপাশের মল দোকান বাজার যতটুকু পায়ে হেঁটে ঘোরা যায় - এইবারের মার্সেই পরিক্রমা ছিল আমাদের এখানেই সীমিত। বেশিরভাগ সময়টাই আমার কাটাতে ভালো লেগেছে মেয়ের বাড়িতে। আমার জীবনের অমূল্য এই ছটা দিন কোথা দিয়ে কেটে গেছে তা বুঝতে পারিনি, বুঝতে পারার কথাও নয়। 


পুরো সপ্তাহ থাকার পর আজ শুক্রবার, আজ আমাদের এইবারের মতো মার্সেই থেকে বিদায়ের পালা, যাব আমরা সুইজারল্যান্ডের ব্রাসেল্স শহরে। তিন্নীকে সকালবেলা একবার ল্যাবে যেতে হবে দুপুর বারোটা নাগাদ ফ্লাইট। ও ফিরলেই বেরোবো আমরা জিনিসপত্র গুছিয়ে রেডি হয়েই ছিলাম। কিন্তু বিধিবাম! রাস্তায় প্রচুর জ্যাম পাওয়ায় এয়ারপোর্ট পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল। এয়ারপোর্টেও প্রচুর ভিড় আর বেশ অরাজক অবস্থাও। কোন দিকে যাব, কি করব, কোনো সঠিক নির্দেশ নেই, পুরো ব্যাপারটা বোঝার আগেই অনেকটা দেরি হয়ে গেল। শেষ মুহূর্তে গেটের সামনে গিয়ে দেখলাম গেট বন্ধ হয়ে গেছে অর্থাৎ ফ্লাইট আমরা মিস করলাম। পরে বুঝতে পেরেছিলাম ইউরোপের এই চিপ ফ্লাইটগুলোর এইরকমই দশা, সিলেকশন নয় বোধহয় এলিমিনেশন কে ওরা গুরুত্ব দেয়, না হলে যতই দেরি হোক,  ফ্লাইট মিস করার কোন কারণ সেদিন ছিল না। এরপর আমাদের তো মাথায় হাত, কারণ সার্চ করে দেখা গেল ব্রাসেল যাওয়ার আর কোন ফ্লাইট সেদিন আর নেই। সেই রাতটা আমাদের ব্রাসেলে কাটিয়ে পরের দিন, শহরটাকে দেখে এক বন্ধুর সঙ্গে দেখা করে চলে যেতাম জুউরিক ট্রেন ধরে ওখান থেকেই। সবকিছু আগে থেকে বুক করাই ছিল। কি আর করা! অগত্যা সবাইকে জানিয়ে দেওয়া হলো আমদের যেতে না পারার খবর। ফিরে আসতে হত ভারী মন নিয়ে মেয়ের ফ্ল্যাটে। কিন্ত এয়ারপোর্টে বসে বসেই পরের দিন অর্থাৎ শনিবার সকালে মার্সেই থেকে প্যারিস,প্যারিস থেকে সুইজারল্যান্ডের জুরিকে ফ্লাইটের টিকিট কাটা হলো। 


সেই রাত বাড়িতে থেকে পরদিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সময়ের অনেক আগেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। কাল দিনটা যেমন আমাদের বিড়ম্বিত করেছিল প্রতি মুহূর্তে, ঠিক উল্টো ছিল আজকের দিনটা, অযাচিত ভাবে আমরা বিভিন্ন সুবিধা উপলব্ধ করলাম। যেমন গতকালের আমাদের ফ্লাইট ছিল টার্মিনাল টু থেকে যেখানে চরম অরাজকতার মুখোমুখি হয়েছি। আজ কিন্তু আমাদের ফ্লাইট টার্মিনাল ওয়ান থেকে যেটা সুন্দর একটা সাজানো এয়ারপোর্ট সচরাচর যেমন হয় আর কি! এছাড়া আমাদের নির্দিষ্ট ফ্লাইট ডিলে হওয়ায় অপশন পেলাম ফ্লাইট এগিয়ে নেওয়ার। তার সঙ্গে তিনজনের free মিল ভাউচার। আমাদের অরিজিনাল টিকিট অনুযায়ী আমাদের ফ্লাইট ছিল মার্সেই থেকে প্যারিসের ওড়লি এয়ারপোর্ট, সেখান থেকে ক্যাব বুক করে যেতে হতো প্যারিসের ডি লা গ্রান্ডি এয়ারপোর্টে। কিন্তু যে ফ্লাইটটা আমাদের জন্য সিডিউল করা হয়েছে সেটা সরাসরি যাবে প্যারিসের ডিলা গ্রান্ডিতে।


হাতে অনেকটা সময়, তাই ছোটখাটো গিফট শপে আমরা মার্কেটিংও করলাম। অবশেষে পৌঁছালাম প্যারিস এবং সেখানে লে ওভার টাইম দু ঘণ্টা কে পিছনে ফেলে যথাসময়ে জুরিকের ফ্লাইট নিয়ে পৌঁছে গেলাম ঠিক রাত আটটায়।ভাবতেই একটা শিহরণ হচ্ছে, আমরা এখন সশরীরে সেই স্বপ্নের সুইজারল্যান্ডে।


কোন ছোটবেলা থেকে শুনে আসছি রূপসী সুইজারল্যান্ডের রূপকথার গল্প, কত ছবি ভেসে আছে মনের মধ্যে। সেটাই বোধহয় এবার বাস্তবে রূপান্তরিত হবে। ক্যাব বুক করে চলে এলাম আমরা হোটেলে। একটা জিনিস দেখে স্বস্তি হলো এখানে সবাই English বলে। অসম্ভব ঠান্ডায় হাত-পা জমে যাওয়ার উপক্রম, গন্তব্য আমাদের হোটেল হেনরি। চাবি থেকে শুরু করে রিসেপশন এমনকি ঘরে ঢোকাও, সবটাই ডিজিটাল কম্পিউটারাইজ্ড। কোন মানুষকে দেখলাম না। হোটেলটা পুরনো ধাঁচের, নির্দেশ অনুযায়ী দোতলায় উঠতে হলো সিঁড়ি বেয়ে। সামনেই তিনটি বেডের একটি ঘর, লাগোয়া বিশাল টয়লেট। জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নরম গদির ওপর ঝাঁপিয়ে পড়লাম। পরদিন ভোর বেলায় আমরা যাব মাউন্ট টিটলি সফরে। তাই কাল বিলম্ব না করে ঘুমের দেশে পাড়ি দিলাম আমরা সবাই।







Comments

Popular posts from this blog

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি

চলুন যাই ঘুরে আসি