চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে
(অষ্টম পর্ব)
গ্রীন্ডেলসওয়াল্ড
আজ ১৩ ই ফেব্রুয়ারি, সোমবার, কাজের দিন, তবে তিন্নী ছুটি নিয়েছে দুদিন। আজকেও একই জায়গা থেকে বাস ছাড়বে, সকাল আটটায়। এখন এখানে বাসে চলাচলের পদ্ধতিতে বেশ পারদর্শী হয়ে উঠেছি বুঝলাম। সরাসরি টিকিট দেখিয়ে বাসে চড়ে বসলাম, অপূর্ব সুন্দর প্যানারমিক ভিউ কোচ, কালকের মতই বেশ আরামদায়ক। তবে আজ মুখোমুখি না, সিটগুলো পাশাপাশি। আজকে আমাদের ট্যুরের সময় ১২ ঘন্টা। প্রথমে যাব ইন্টারলাকেন, সেখানে থেকে বাসের দল ভাগ হয়ে যাবে, কেউ যাবে হাইকে, কেউ যাবে স্কি করতে, আর এই বাস চড়ে আমারা যাবো সোজা গ্রীন্ডেলস ওয়াল্ড । তবে এখানেই শেষ না - আমাদের গ্রিন্ডলস ওয়াল্ডে বাস নামিয়ে চলে যাবে জুংফ্রাও। সেখান থেকে হাইকিং এবং স্কি পার্টি উঠিয়ে বিকেলে চলে আসবে ইন্টারলাকেন। আমরা গ্রীন্ডলস ওয়াল্ড থেকে ট্রেন ধরে পৌঁছাব ইন্টারলাকেনে, সেখান থেকে সবাই একসঙ্গে ফেরার পালা। বলাই বাহুল্য এতসব কথা আমরা বাসে উঠেই জেনেছি গাইডের মুখ থেকে।
ঠিক কালকের মতই গাইডের মুখনিঃসৃত পথের বর্ণনা শুনতে শুনতে আর দেখতে দেখতে চললাম ইন্টারলাকেন এর উদ্দেশ্যে। এখানে পৌঁছতে সময় লাগলো প্রায় ঘন্টা খানেক। বাস দাঁড়ালো, সহযাত্রী বন্ধুদের যাঁদের নামার কথা ছিল তাঁরা নামলেন, সঙ্গে ড্রাইভার এবং গাইডও বদল হলো। মিনিট চল্লিশেক মত বাস দাঁড়িয়েছিল স্ট্যান্ডে, আমরা আর বাস থেকে না নামলেও সমরজিৎ নেমেছিল অল্প সময়ের জন্য। নির্দিষ্ট সময়ে ইন্টারলাকেন ছাড়লো বাস, চললাম গ্রীন্ডেলসওয়াাল্ড। গ্রীন্ডেলসওয়াল্ড শব্দটার অর্থ হিমবাহ গ্রাম। ছোট্ট একটা গঞ্জ, আয়তনে ছোট তাই গঞ্জ কিন্তু পরিষেবার দিক থেকে আমার কোন ভাবেই একে আমাদের চেনা ভারতীয় গাঁয়ের সাথে তুলনা করতে মন চাইনি। চতুর্দিক পাহাড়ে মোড়া, দেখা যাচ্ছে ট্রিপল পিক এইজার, মগ আর জুংফ্রাউ। রাস্তায় ইতি-উতি পড়ে আছে বরফের আস্তরণ। সারাদিন আমরা কাটাবো এই সুন্দর জায়গাটিতে, হাঁটতে হাঁটতে দেখতে থাকব ছোট্ট গ্রামটিকে।
এটি সুইজারল্যান্ডের অ্যালপাইন অঞ্চলে অবস্থিত। বাড়িগুলো সব ছোট্ট ছোট্ট কাঠের সুইস বাংলো, ঠিক যেমন দেখি ক্যালেন্ডারের পাতায় বা পিকচার পোস্ট কার্ডে। সরু সরু পাহাড়ি রাস্তা, এঁকেবেঁকে মিলেছে স্টেশন রোডে। পাহাড়ের কোল বেয়ে বেয়ে রাস্তা চলে গেছে ঐ দূরের পাহাড় গুলোর দিকে।
আমরা হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে, রাস্তার পাশেই অজস্র ছোট ছোট ক্যাফে, এখন শীতকাল, রোদে পিঠ ঠেকিয়ে বাইরে বসে খাবার চল ই বেশি, তবে ভেতরে বসার ব্যবস্থাও আছে বৈকি। দুহাত অন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন পাবলিক টয়লেট। আমরাও রাস্তার ধারে একটি ক্যাফেতে বসে লাঞ্চ সারলাম। কখনো বসেছি কখনো ঘুরেছি কখনো দোকানে উঁকি মেরেছি এই করে সারাটা দিন কাটালাম গ্রীন্ডেলসওয়াাল্ডে। শপিংও করলাম কিছু। দলে দলে দেখেছি বগলে স্কী নিয়ে চলেছেন কত মানুষ, এখানে স্কী একটা খুব গুরুত্বপূর্ণ স্পোর্টস এক্টিভিটি। কত বয়স্ক পথচারীর দেখা পেয়েছিলাম, প্রত্যেকে তাঁরা সময় কাটান তাদের পোষ্য এবং পরিবার নিয়ে।দিনের বেলাটা রোদ ঝকঝকে রাস্তায় কেউ কফি খাচ্ছেন, কেউবা স্যান্ডউইচ, কেউবা বার্গার, কেউবা নিছক চা বা মদিরা পান করছেন। সব আছে, কিন্তু গভীর এক স্তব্ধতা ছেয়ে আছে যেন চতুর্দিকে। বিকেল চারটে পর্যন্ত সময় কাটিয়েছিলাম আমরা এখানে। এরপরে সেই বিখ্যাত কাচমোড়া ট্রেন বরফের মাঝখান দিয়ে যা ছুটে চলবে। স্টেশনটিও ভারি চমৎকার। ঠিক রাস্তার মাঝখানটিতে দাঁড়িয়ে রয়েছে, যেন টয়ল্যান্ডের ছোট্ট একটি স্টেশন। প্ল্যাটফর্ম লাইন সব জায়গাতেই পুরু বরফের আস্তরণ, এরই মাঝখান দিয়ে ছুটে চলবে ট্রেন। ট্যুর প্যাকেজেই ছিল এই ট্রেনের টিকিট, প্রতি আধঘণ্টা অন্তর অন্তর ট্রেন ছাড়ে এখান থেকে।
আমরা শেষ ট্রেনের অপেক্ষায় না বসে থেকে চারটে ট্রেনে উঠে ফিরে এসেছিলাম ইন্টারল্যাকেনে। এই ট্রেন যাত্রা ছিল আমাদের কাছে আর এক বিস্ময়। পথের বর্ণনা দেওয়ার মত ভাষার দখল আমার নেই, দুচোখ ভরে শুধু দেখেছি প্রকৃতি কত দরাজ হাতে দান করেছে তার অপূর্ব রূপের মাধুরী বিশ্ববাসীকে। ডুবন্ত সূর্যের শেষ রশ্মি মিলে যাচ্ছে দু'ধারের বরফের স্তুপের মাঝে তারই মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। জানি না কি প্রক্রিয়ায় ট্রেন ছুটে চলেছে লাইনের ওপর স্তুপাকৃতি বরফ ঠেলে কিন্তু সে ছুটেই চলেছে। মাঝে মাঝে ঝুরো বরফের চাদরে মোড়া আকাশচুম্বী পাইন বা ফার গাছের দলবদ্ধ নেতৃত্ব পথের শোভা যেন হাজারগুন বাড়িয়ে তুলছিল। কোথাও দূর আকাশে পৌঁছে যাওয়া বরফের পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাংলো।
স্থানীয়রা কেউ কাজ থেকে ফিরছেন, কেউ বা বাচ্চার হাত ধরে সময় কাটাচ্ছেন এখানে, তবে আজ সপ্তাহের মাঝখান তাই হয়তো বেশি লোক চোখে পড়ল না। তারপর রাস্তা ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নৈসর্গিক সৌন্দর্যে স্নাত আমরা তিন বিদেশী চলেছি বাসস্ট্যান্ডের দিকে। বসে বসে ধীরে ধীরে চলেছি, কোনো তাড়া নেই, হাতে সময় প্রচুর, তাই সৌন্দর্যের মদীরা পান করাকেই শ্রেয় ধরেছি, তা সে রাস্তার পাশের আল্পসের শিখর বা সবুজ গালচে বিছানো পার্ক যাই হোক। তারি মাঝে চোখ ধাঁধানো উপহারের পসরা সাজানো দোকানেও হানা দিতে ভুলিনি আমরা। রাস্তার ধারে, দূরে আল্পসের কোলে ওই সবুজ মাঠটায় দেখছিলাম প্যারাগ্লাইডিং হচ্ছে, সেও কতক্ষণ বসে বসে দেখলাম।
৬ কিলোমিটার রাস্তা কখন যে পায়ে হেঁটে চলে এসেছি তা খেয়াল করিনি। এবার সন্ধ্যা নামার পালা , আমরা ততক্ষণে বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। তবে খবর পেলাম বাস আসতে দেরি আছে, আমাদেরই কোন এক সহযাত্রীর কিছু অসুবিধে হওয়ায় তাদের ইন্টারলাকেন পৌঁছতে দেরি হবে, তার জন্য বারবারই ড্রাইভার এবং গাইড মার্জনা চাইলেন কতবার কত রকম ভাবে। আবার উদ্বিগ্নও বটে কি এমন হলো যাতে এত দেরি। এদিকে ঠান্ডার দাপট বাড়ছিল কিন্তু আমরা বাসস্ট্যান্ড থেকে বেশি দূরে আর যাওয়ার সাহস করলাম না। এরই মাঝে করণ জোহারের স্ট্যাচু দেখতে গিয়েছিল সমরজিৎ আর তিন্নি, পাঁচ মিনিটের হাঁটা পথ এখান থেকে কিন্তু আমার আর হাঁটার ক্ষমতা ছিল না তাই আমি আর যাইনি।
গরম কফিতে চুমুক দিয়ে শরীরটাকে গরম করার চেষ্টা করছিলাম। দিনের আলো যত কমেছে, ঠান্ডার ঝাপটা তত বেড়েছে, টানটান কালো রাস্তা গুলো মাঝে মাঝেই সাদা হয়ে যাচ্ছিল চোখের সামনে তাও দেখেছি। বেশ অন্ধকার হয়ে গেল। অন্যান্য বাসের যাত্রীরা এখানে একইসঙ্গে জড় হচ্ছিল কেউ আসছে কেউ যাচ্ছে, কিন্তু আমাদের বাসের এখনো পাত্তা নেই। প্রায় ঘন্টা খানেক দেরিতে আমাদের বাস এসে পৌঁছালো। বাসে উঠে দেখলাম জুংফ্রাও ফেরত ঘুমন্ত সব যাত্রীদের, তারই মাঝে নিজের জায়গায় বসতে না বসতেই আমাদের বাস ড্রাইভার আর কাল বিলম্ব না করে বাস ছেড়ে দিলেন। হাওয়ার গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে ছুটল বাস। জিউরিক পৌঁছতে নটা বাজলো। ইচ্ছা ছিল বাইরেই ডিনার করব, কিন্তু শীতকালে এই সময়টা বসে খাওয়ার ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় সব রেস্টুরেন্টে। অগত্যা ফিরে এলাম আর খাওয়ার অর্ডার করেই খাওয়া হলো। আজকেই শেষ রাত আমাদের হোটেল হেনরিতে কারণ আজ পর্যন্তই বুকিং পেয়েছিলাম আমরা, কাল দশটার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। সকালে তিন্নীও ফিরে যাবে মারসেই, ও বেরিয়ে যাবার পর আমরাও হোটেল ছাড়বো। তবে পুরো দিন আছে আমাদের হাতে, তাই অন্য একটা হোটেলে শিফ্ট করবো আমরা।
সকালে ঘুম থেকে উঠেই তিন্নী রেডি হতে শুরু করল বেরোবার জন্য। ওর ট্রেন সকাল আটটায়। স্টেশন পাশেই, সমরজিতও বেরোলো ওর সঙ্গে, স্টেশন অবধি গেল বোধ হয়। ফেরার পথে ব্রেকফাস্ট নিয়ে ফিরেছে, আজ ১৪ই ফেব্রুয়ারি valentines day, তাই ব্রেকফাস্টেও ভ্যালেন্টাইন স্পেশাল। আমরা ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মালপত্র নিয়ে।
আজ প্রথম দিনের আলোয় দেখব হোটেল হেনরিকে পুরোনো দিনের সুইস বাংলো, পাহাড়ি ঢাঁচে গড়া ভেতরের সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু বাইরে ছোট্ট একটা বসার জায়গা সেখানে লোহার চেয়ার টেবিল লাগানো আছে। ১০-১৫ মিনিট সেখানে সময় কাটিয়ে, অপেক্ষা করছিলাম ক্যাবের জন্য। গিয়ে নামলাম নতুন বুক করা হোটেলের কাছাকাছি কোনো একটি জায়গায়। হোটেলের লোকেশন এটা দেখালেও হোটেল খুঁজে পেতে দেরি হল। কথায় বলে সবুরে মেওয়া ফলে, তা সত্যিই সবর করে মেওয়া পেয়েছিলাম বটে। হোটেলের পাঁচতলায় ছোট্ট একটি ঘর। মাথার আটচালা নীচু ছাদ, পুরোটাই কাঠের। তারি মাঝে পাহাড়ি ছাঁদের ছোট্ট জানলা, সেখান দিয়েই দেখা যাচ্ছে জিউরিকের অনাবৃত বেশ কিছুটা অংশ। পুরনো আমলের গির্জা এবং আরো কিছু বাড়ি ঘরদোর। ছোট হলেও ঘরটিতে আধুনিক বিনোদনের সমস্ত ব্যবস্থাই রয়েছে। সারাটা দিন আমরা এদিক ওদিক ঘুরে জিউরিক প্রদক্ষিণ করলাম। পড়ন্ত বেলায় লাঞ্চ সেরে ফিরে এলাম হোটেলে। রাতের বাস, তাই কিছুটা বিশ্রাম করা বাঞ্ছনীয়। তিন্নীর খবর নিলাম, সেও মারসেই পৌঁছবে এইবার। আমাদের বেরোনোর আগেই সে ঢুকে যাবে বাড়িতে। একটা কথা বলা হয়নি এই জিউরিকে প্রচুর বাংলাদেশী মানুষের সঙ্গে আলাপ হয়েছিল। আমরা যেখানে আজকে লাঞ্চ বা ডিনার করেছিলাম তাঁরাও বাংলাদেশের। যাইহোক অনেকদিন পরে ভারতীয় খাবারের সাধ পেলাম।
এরপর আমাদের বেরোবার পালা। ফ্লিক্সবাস অর্থাৎ প্যানারমিক ভিউ দেখা যায় যে বাস থেকে সেই বাসের টিকিট করেছে মেয়ে দোতলায় একদম সামনের সিটে। আজকাল বাসে রাত্রে সফর করতে ভালো লাগেনা তবে এ এক নতুন অভিজ্ঞতা। রাতের অন্ধকারের গ্লানি কাটিয়ে আলো ঝলমলে চওড়া রাস্তা, তারই মাঝে ছুটে চলেছে কত রকমের যানবাহন। উপর থেকে বসে বসে মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি বা হুমড়ি খেয়ে পড়বে দূর থেকে ধেয়ে আসা বাস, কিন্তু না কাছে এলে বুঝতে পারি সে আলাদা আর এক রাস্তা। কত রাস্তা উপর দিয়ে কত রাস্তা নীচে, একে অপরকে আলিঙ্গন করে একটুও সময় নষ্ট না করে চলে যাচ্ছে নিজের গন্তব্যে দূরে আরো দূরে। ইউরোপের সবখানেই যখন হাইওয়ে দিয়ে গেছি তখনই মনে হয়েছে সারাটা ইউরোপ বুঝিবা রাস্তায় ভরা, বাড়ি ঘরদোর কোথাও নেই। বলা হয়নি, আজ আমাদের গন্তব্য ইটালির ফ্লোরেন্স শহর আমরা পৌঁছবো ভোর চারটে।








Comments
Post a Comment