চলুন যাই ঘুরে আসি
ইউরোপের পাতা থেকে
(একাদশ পর্ব)
নত্রে দাম - মার্সেই
আগেই বলেছি মারসেই ফ্রান্সের সবথেকে পুরনো শহর, আর এখানকার সবচেয়ে প্রসিদ্ধ দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল ক্যাথলিক ব্যাসিলিকা নত্রে দাম, ডি-লা-গ্র্যাণ্ডি, স্থানীয়দের কাছে আদরের নাম বণম্যয়র বা গুড মাদার। আসলে মারসেইবাসীদের বিশ্বাস এই বণম্যয়ের তাদের অভিভাবক, সর্বতোভাবে সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন শহরবাসীকে। মাদার মেরি শহরটিকে যেন আগলে রেখেছেন তার অপার স্নেহ এবং অপার্থিব ভালোবাসা দিয়ে। সব থেকে বেশি দর্শনার্থী বা পর্যটক আসেন এই নত্রে দামে। নত্রে দাম না দেখলে মারসেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে, সবার মত এ বিশ্বাস তিন্নীরও। ওকে ছেড়ে আমাদের খুব একটা যাওয়ার ইচ্ছা না থাকলেও এক রকম ঠেলে গুঁতিয়েই পাঠালো আমাদের। এটি শহরের সর্বোচ্চ স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৯ মিটার উচ্চতায় অবস্থিত এই ব্যাসিলিকা।
হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, যেতে যখন হবেই আর দেরি না করে আজ বুধবার বাইশে ফেব্রুয়ারি, বেরিয়ে পড়লাম নত্রে দামের উদ্দেশ্যে আমরা দুজন। বাড়ি থেকে ২০-২৫ মিনিট মতো সময় লাগলো, ক্যাব পৌঁছে গেল গির্জার বেশ উঁচু একটি চাতালে। এরপর আর গাড়ি যায় না এখান থেকে সিঁড়ি বেয়ে উঠে গির্জায় ঢোকার সিংহ দুয়ার। প্রথম দর্শনে গির্জার দিকে তাকিয়ে গায়ে কাঁটা দিচ্ছিল, বিশাল এই স্থাপত্যের সামনে নিজেকে বড় অকিঙ্চিতকর মনে হচ্ছিল।
নির্বাক দর্শক আমরা, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করছিলাম এই সুবিশাল স্থাপত্যের কলাকুশলীদের হাতের নিপুণতা, যত্ন, রুচিবোধ, কঠোর পরিশ্রম, সর্বোপরি তাদের সমর্পণের কথা। আপনিই মাথা ঝুঁকে এলো। ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিক, এত বড় এই শহরটাকে উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, ওই যে ভিউ পোর্ট, ওই স্টেডিয়াম, সব, সবটা। এখানকার একটি চাতালে মার্সেই শহরের বিশাল এক রঙিন মানচিত্র মোজাইক করে বানানো আছে। বুঝতে অসুবিধে হলো না মার্সেই বাসীর কাছে এই নত্রে দাম কতটা নিজের, কতটা আপনার।
নিও-বাইজানটাইন স্টাইলে গড়া। অপূর্ব সুন্দর রঙ্গীন মোজাইকের সজ্জায় সজ্জিত। তারও উপরে ৪১ মিটার উচ্চতায় রয়েছে বর্গাকার আকৃতির বেল টাওয়ার। বেল টাওয়ারের ওপর ১২.৫ মিটার দৈর্ঘ্য সম্পন্ন বেল ফ্রাই, আর এরি চার কোণে ট্রাম্পেট হাতে চারজন পরীর মূর্তি, আর সবের উপরে চোখ ঝলসানো সোনার পাতে মোড়া সম্পূর্ণ তামার তৈরি ম্যাডোনা আর তার কোলে শিশু। এই ম্যাডোনা মূর্তির উচ্চতা ১১.২ মিটার আর বেল ফ্রাই এই মূর্তির ই অবলম্বন হিসেবে ব্যবহৃত হয়েছে। বিল্ডিংটির বাইরেটা পুরোটাই পাথরে খোদাই করা সাদা লাইমস্টোন আর সবুজ স্যান্ড স্টোনের মিশেল। আপারচার্চের ভিতরটি মার্বেল আর রঙিন ছবির মোজাইকে সজ্জিত। ১১৫ ফুটের দুটি সিঁড়ি আছে দুটোই মিলেছে একটি ড্র ব্রিজে, একদিকে লোয়ার চার্চে যাওয়ার রাস্তা আরেকটি হল চার্চ এর মেইন এন্ট্রি বা সিংহ দুয়ার। আমরা অবশ্য আধুনিক লিফটের সাহায্যই নিয়েছি। ভেবে অবাক হচ্ছিলাম এই সুবিপুল স্থাপত্যের এমন নিখুঁত সুন্দর রক্ষণাবেক্ষণ কিভাবে সম্ভব! পরে জানতে পেরেছিলাম মোমবাতির ধোঁয়া, দূষণে লাইম স্টোনের ক্ষয়, এমনকি লিবারেশন অফ ফ্রান্সের সময় পাথরের কাজে বুলেটের ধাক্কাও সইতে হয়েছে একে। এগুলি পুনরুদ্ধারের কাজ চলে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত।
এই ক্যাথলিক বাসিলিকা যে বিশেষ পাহাড়টির উপর অবস্থিত সৃষ্টির শুরুতে তার উচ্চতা ছিল ১৬২ মিটার। এটি ছিল একটা আরবোনিয়ান লাইমস্টোন পিক। মার্সেইয়ের এটি উচ্চতম স্থান এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য এই স্থানটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে মর্যাদা পায়। এই জায়গাটি থেকে সমুদ্র তীরবর্তী পুরো শহরের দৃশ্যমানতা সঙ্গে জাহাজ চলাচলের গতিবিধিও পরিষ্কার দেখা যেত, এমনকি জাহাজ থেকেও এই উচ্চ স্থানটিকে মার্সেইয়ের ল্যান্ডমার্ক হিসেবে গণ্য করা হতো।
এইসব কারণে বাণিজ্য ও রাজনৈতিক ক্ষেত্রে এই পাহাড়টির গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। ১২১৪ সালে মাস্টার পিয়ের নামে এক স্থানীয় পুরোহিত ভার্জিন মেরির নামে এক চ্যাপেল তৈরি করেন এই পাহাড়ে, নাম দিলেন ডি-লা-গার্ডে। আশ্চর্যভাবে এই চ্যাপেল স্থাপনের পরই মার্সেই এর ভাগ্য যেন খুলে যেতে লাগল। ১৬ শতাব্দীর শেষ ভাগে শুরু হল নত্রে দামের রমরমা।
সকাল সকালই বেরিয়েছিলাম বাড়ি থেকে, ভেবেছিলাম ফিরে এসে লাঞ্চ করব। কিন্তু তা আর হয়নি। দুচোখ ভরে দেখেছি বাইরের মনোহারী দৃশ্য, মানুষের নিপুণ শৈলীর সাথে সাথে ঈশ্বরও যেন পাল্লা দিয়ে উজাড় হস্তে ঢেলে দিয়েছেন প্রকৃতির রূপের ভান্ডার। ওপর থেকে শহুরে সভ্যতাকে সালাম জানিয়েছি, ভেতরে স্থাপত্যের সজ্জা আর অলংকরণে বিভোর হয়ে থেকেছি, তারই মাঝে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে গিয়েছে তা টেরই পায়নি। চ্যাপেলের ভেতরেই পেয়ে গিয়েছিলাম মারসেই এর বিভিন্ন শিল্পের পসরা, সেখান থেকে কিছু কেনাকাটাও করেছিলাম, ভেতরেই ছিল শান্ত স্নিগ্ধ রেস্টুরেন্ট, দ্বৈপ্রাহরিক আহার আমরা সেখানেই সেরেছিলাম। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর উপলব্ধি, কোনো অমোঘ শক্তির টান সেখানে - প্রতিক্ষণে তা অনুধাবন করেছি। বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। এই নত্রে দাম না দেখলে আমাদের ইউরোপ বেড়ানো সত্যিই অসম্পূর্ণ থেকে যেত তা বলতে কোনো বাধা নেই।




Comments
Post a Comment